পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ম্যাথু হেইডেন। সার্ফিং করতে গিয়ে বড়সড় আঘাত পেয়েছেন তিনি। দুর্ঘটনায় শিরদাঁড়ায় চিড় ধরার পাশাপাশি ছিঁড়ে গেছে লিগামেন্টও। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার খবরটি জানিয়েছেন হেইডেনই।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে দুর্ঘটনায় পড়েন হেইডেন। জানিয়েছেন, শুক্রবার নর্থ স্ট্যাডব্রোক আইল্যান্ডে ছেলের সঙ্গে সার্ফিং করছিলেন। সেইসময় সমুদ্রের আচমকা বিশাল ঢেউতে ছিটকে পড়েন তিনি।
ঘাড়ের কাছে শিরদাঁড়ার হাড়ে চিড় ধরেছে হেইডেনের। একাধিক লিগামেন্টও ছিঁড়ে গেছে। এমনকি কপালেও গুরুতর আঘাত লেগেছে।
প্রায় মৃত্যুমুখ থেকে ফিরে আসার পর ইনস্টাগ্রামে হেইডেন লিখেছেন, ‘গেম ওভার কিছুদিনের জন্য! যারা সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তাদের ধন্যবাদ আমাকে রক্ষা করার জন্য।’








