করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত জিম্বাবুয়ে ফেরত দুই ক্রিকেটার নেগেটিভ হয়েছেন। ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রমিত দলের কোচও নেগেটিভ এসেছেন। বাংলাদেশ নারী ক্রিকেট দলের তিন সদস্য সোমবার দুপুরে মুগদা হাসপাতাল ছাড়বেন।
সকলে ফিরে যাবেন পরিবারের কাছে। চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন বিসিবির উইমেন্স উইং চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
‘গতকাল (রোববার) সন্ধ্যায় তারা করোনা নেগেটিভ হয়েছেন। আজ দুপুরের পর সম্ভবত হাসপাতাল ছাড়বেন। তারা অনেক কষ্ট করেছেন। দেশে ফিরে ২০ দিন বন্দি সময় কাটিয়েছেন।’
জিম্বাবুয়ে সফরে যাওয়া নারী দলের ১৯ সদস্য ১৫ দিনের কোয়ারেন্টাইন শেষ করে হোটেল সোনারগাঁও ছেড়েছেন দুদিন আগে। করোনা পজিটিভ তিনজনকে মুগদা হাসপাতালে স্থানান্তরিত করা হয় সপ্তাহখানেক আগে। তাদের কোনো উপসর্গ ছিল না।
জিম্বাবুয়েতে করোনার হানায় হুট করে সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব থেকে দেশে ফিরে কোয়ারেন্টাইন শুরু করেছিল নারী দল। কোয়ারেন্টাইনের শেষদিনে দুজন ক্রিকেটারের দেহে মেলে ভাইরাসের উপস্থিতি। জিনোম সিকোয়েন্সিংয়ের পর জানা যায়, তারা যে ভাইরাস বহন করছেন সেটি করোনার নতুন ধরন ওমিক্রন।
সপ্তাহখানেক পর মিরপুরে শুরু হবে ক্যাম্প। জানুয়ারিতে মালয়েশিয়ায় রয়েছে কমনওয়েলথ গেমসের বাছাইপর্ব। তারপর মার্চে নিউজিল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপে নামবে টিম টাইগ্রেস।








