দুপুরের খাবারটা আজ দারুণ হয়েছে। বেশ তৃপ্তি নিয়ে খেয়েছেন। তাই বেশি খাওয়া হয়ে গেছে। মুশকিলে হলো তখনই, যখন খাওয়া শেষে অফিসের ডেস্কে ফিরলেন। ঘুমের সাথে সংগ্রাম করে কাজ করতে হচ্ছে আপনার।
এই সমস্যা আপনার একার নয়। অধিকাংশ মানুষেরই দুপুরে ভরপেট খাওয়ার পর প্রচণ্ড ঘুম পায়। কিন্তু কেন পায় ঘুম? কীভাবে এই ঘুম থেকে মুক্তি পাওয়া সম্ভব। জেনে নিন এ ব্যাপারে কিছু তথ্য।
কেন ঘুম পায়?
পুষ্টি এবং ফিটনেস বিশেষজ্ঞ লুক কোটিনো দুপুরে খাওয়ার পর ঘুম আসার কারণ ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, শরীরের প্রয়োজনের তুলনায় বেশি খেলে ইনসুলিনের মাত্রা হঠাৎ করে বেড়ে যায়। যা কিছু আপনি খান তার জন্য অগ্ন্যাশয় ইনসুলিন উৎপন্ন করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। ফলে যখন বেশি খাওয়া হয় তখন ইনসুলিন উৎপাদনের মাত্রাও বেড়ে যায়। ইনসুলিনের পরিমাণ বেড়ে গেলে দুটো ঘটনা ঘটে। একটি হলো, শরীরে ঘুমে সহায়ক হরমোন উৎপাদিত হয় এবং আরেকটি হলো মস্তিষ্কে সেরোটোনিন এবং মেলাটোনিন হরমোন উৎপাদিত হয়। এই মেলাটোনিন হরমোনটিও ঘুমে সহায়ক আরেকটি হরমোন।
উচ্চ শর্করা যুক্ত কিংবা প্রোটিন যুক্ত খাবার বেশি খেলে খাবার হজমের জন্য শরীরকে প্রচুর শক্তি খরচ করতে হয়। লুকের মতে, যখন বেশি খাওয়া হয় তখন খাবার হজম করতে শরীরের ৬০-৭৫% বেশি শক্তি খরচ হয়। ফলে শরীর ক্লান্ত হয়ে যায় এবং ঘুম পায়।

তাহলে কী করবেন?
দুপুরের খাবার যেহেতু এড়ানো সম্ভব না, সেহেতু একটু কৌশলী হতে হবে আপনাকে। এক্ষেত্রে সারাদিনের খাবারগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলুন। একবারে বেশি খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। অল্প অল্প করে কিছুক্ষণ পর পর খেলে খাবার সহজে হজম হবে এবং খাবারের পুষ্টিতে আপনি সতেজ থাকবেন। চর্বিযুক্ত খাবার কিংবা অতিরিক্ত শর্করা যুক্ত খাবার কম খাবেন। এছাড়াও সারাদিন প্রচুর পানি পান করুন। এতে আপনি সারাদিন তরতাজা থাকবেন।
তারপরও যদি ঘুম পায়?
পর্যাপ্ত ঘুম এবং খাদ্যাভ্যাস বদলে ফেলার পরেও যদি দুপুরের খাবার পরে ঘুম পায় এবং ক্লান্তি লাগে তাহলে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করুন। কারণ শারীরিক নানান সমস্যার কারণে ক্লান্তি ভর করতে পারে দুচোখে। ফেমিনা।








