স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছেড়ে অন্য দলে যেতে ফ্রান্সের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার উসমানে ডেম্বেলকে ‘ভালো’ দুটি প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন কাতালান ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা। তবে সেই প্রস্তাব গ্রহণ করেননি সম্প্রতি নানান আলোচনার জন্ম দেওয়া ডেম্বেলে।
হুয়ান লাপোর্তা বলেছেন, ‘আমরা তাকে চুক্তি নবায়ন এবং থাকার জন্য একটি ভালো প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু এখানে আর্থিক সমস্যা দাঁড়িয়ে যায়। সে আরও বেশি চাইছিল। আমরা তাকে এই গত ছয় মাসে অন্য একটি ক্লাবে খেলার জন্য দুটি ভালো প্রস্তাব (দলবদলের সময়সীমায়) দিয়েছিলাম। শেষ প্রস্তাবটি একটি ইংলিশ ক্লাব থেকে এসেছিল। সে প্রস্তাবগুলো গ্রহণ করেনি এবং এখানেই থাকতে পছন্দ করেছিল। আমরা অবাক হয়েছিলাম।’
বেতন না বাড়ালে মৌসুমের বাকি অংশে তিনি না খেলার হুমকি দিয়েছিলেন। বেতন বাড়ানো নিয়ে করেছেন অতি মাত্রায় দর কষাকষি। এত কিছুর পরও শেষ পর্যন্ত উসমানে ডেম্বেলের বার্সেলোনায় থেকে যাওয়ার বিষয়টি নিয়ে এভাবেই জানালেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা।
তিনি জানিয়েছেন, ডেম্বেলে ক্লাব ছাড়ার দুটি ভালো প্রস্তাব ব্যাখ্যাতীতভাবে প্রত্যাখ্যান করেছিলেন।
চলতি মৌসুমের জুনে বার্সেলোনার সঙ্গে ডেম্বেলের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। ২০১৭ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ১৪৭ মিলিয়ন ইউরোতে ডেম্বেলেকে দলে ভিড়িয়ে নিজেদের রেকর্ড ভেঙেছিল বার্সেলোনা।
গত বছর কাইলিয়ান এমবাপের চেয়েও ডেম্বেলেকে ভালো ফুটবলার বলেছিলেন লাপোর্তা। যদিও পরে তারা এই ফ্রেঞ্চম্যানকে আর রাখতে চায়নি।
অন্য কোনো ক্লাবে তার যাওয়া প্রসঙ্গে বার্সা সভাপতির ভাষ্য, ‘এটা বোঝা কঠিন। আমরা মনে করি তার ইতোমধ্যে অন্য ক্লাবের সঙ্গে চুক্তি রয়েছে। এটাই তার এজেন্ট ইঙ্গিত করেছে।’
লাপোর্তা বলেছিলেন, ডেম্বেলের স্থায়ীভাবে থাকা তার বা ক্লাবের পক্ষে ভালো নয়। তাকে কোচ জাভি হার্নান্দেজের স্কোয়াডে পুনর্বহাল করা হবে কি না এ বিষয়ে তিনি কিছু বলেননি।
ক্লাবের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। ডেম্বেলে এই মৌসুমে এবং কাতালান ক্লাবের সঙ্গে তার প্রথম বছরে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন।








