কুড়ি বছর আগের কৃষ্ণসার হত্যা মামলার রায়ে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত বলিউড সুপারস্টার সালমান খান। বৃহস্পতিবার তার রায় হওয়ার পর এরই মধ্যে দুই রাত কাটিয়েছেন যোধপুর কেন্দ্রীয় কারাগারে। এদিকে তার জামিনের জন্য শনিবার সকালে আদালতে হাজির হয়েছেন তার আইনজীবীরা। তবে আজ কি জামিন মিলবে সালমানের?
এমন প্রশ্ন এখন সবার। হরিণ হত্যার দায়ে ৫ বছরের জেলকে অনেকেই ‘লঘু পাপে গুরু দণ্ড’ বলে মত দিচ্ছেন। এই রায়ে মুখ খুলছেন বলিউডের তারকা অভিনেতা অভিনেত্রীরাও। এদিকে সালমানের উপর এমন রায়ে বিব্রত তার আইনজীবীরাও।
বৃহস্পতিবার সালমানের উপর এমন রায়ের পর শুক্রবারেই আত্মপক্ষ সমর্থন করে সব তথ্য উপাত্ত নিয়ে আদালতে জামিন আবেদন করেন সালমানের আইনজীবীরা। তবে আদালত শুক্রবার জামিন শুনানি স্থগিত করে শনিবার সকাল পর্যন্ত। সেক্ষেত্রে আজ শনিবার সকাল সাড়ে দশটা থেকে যোধপুর আদালতে সালমানের জামিন আবেদন চলছে। ৫১ পৃষ্ঠার জামিন আবেদন পড়ে শোনাচ্ছেন সালমানের এক আইনজীবী। ধারণা করা হচ্ছে, আজকে এই আদালত সালমানের জামিন আবেদন না মঞ্জুর করলে শিগগির রাজস্থান হাইকোর্টের শরণাপন্ন হবেন সালমানের আইনজীবীরা। তবে সবকিছুর পরও সালমান ভক্ত অনুরাগীসহ পুরো বলিউড আজ তাকিয়ে আছে যোধপুর আদালতের দিকে! সবাই সালমানের মুক্তি চাইছেন।
লাখো ভক্তের প্রিয় এই সুপারষ্টার যোধপুর কারাগারের ১০৬ নং কয়েদি হিসেবে আছেন ২ নাম্বার কেবিনে। এবং প্রথম দিনেই জেলখানার সব কয়েদির মত তাকেও জেলের সাধারণ খাবার ডাল এবং রুটি দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেগুলো প্রত্যাখ্যান করেছেন।
বহুদিন ধরেই চলছিলো সালমানের এই কৃষ্ণসার হত্যা মামলাটি। একই মামলায় আসামি ছিলেন সাইফ আলী খান, সোনালী বিন্দ্রে, টাবু ও নিলম কুঠরী। কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় বেকসুর খালাস পেয়েছেন। কিন্তু হরিণ হত্যার দায়ে ফেঁসে গেলেন সালমান। যোধপুর আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার ৫ বছরের কারাদণ্ড পেয়েছেন ভারতের তুমুল জনপ্রিয় এই নায়ক।








