পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে আন্দোলনে অংশ নিয়ে চোখ হারানো সিদ্দিকুরের পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তার পরিবারের কাছে দুঃখ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেছেন, অতি উৎসাহীদের কারণেই মেধাবী এই তরুণের চোখের আলো শেষ হয়ে গেলো।
ঘটনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে অভিযুক্ত করে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষা পরিবারের একটি ছেলের সঙ্গে এমন দুঃখজনক ঘটনা ঘটলো। বিভিন্ন সময় পুলিশেদের কাছ থেকে আমরা সাহায্য পাই এজন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য হলেও কিছু অতি উৎসাহী কর্মকর্তার বিষয়ে সতর্ক হতে হবে।
বর্তমানে ভারতের চেন্নাইয়ে শঙ্কর নেত্রালয়ে চিকিৎসাধীন তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পরও তার চোখের আলো ফিরবে না।
গত (২০ জুলাই) বৃহস্পতিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি কলেজ ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নেন।
এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ঘটনার ভিডিও দেখাচ্ছে, খুব কাছ থেকে ছোঁড়া পুলিশের কাঁদানে গ্যাসের শেলে চোখে গুরুতর আঘাত পান তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর।
ঢাকার চিকিৎসকদের পরামর্শে পরে তাকে চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু, সেখানকার চিকিৎসকরাও আশাবাদী হওয়ার মতো কিছু জানাতে পারেননি।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, দেশে ফিরে আসার পর দরিদ্র পরিবারের সন্তান সিদ্দিকুরের জন্য সরকার চাকুরির ব্যবস্থা করবে।
সিদ্দিকুরের মা হাঁস-মুরগি পালন করে তার লেখাপড়ার খরচ যোগাতেন। তাদের আশিা ছিল, ছেলে শিক্ষিত হয়ে পরিবারের হাল ধরবেন।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








