দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নামবদল হচ্ছে। এখন সেটি অরুণ জেটলি স্টেডিয়াম। ভারতের সাবেক অর্থমন্ত্রী ও ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা অরুণ জেটলি মারা যাওয়ার তিনদিন পরই এ সিদ্ধান্ত নিয়েছে দিল্লি অ্যান্ড ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)।
ভারতীয় মিডিয়ার খবর, আগামী ১২ সেপ্টেম্বর ভারত অধিনায়ক বিরাট কোহলির নামে এই স্টেডিয়ামে স্ট্যান্ড উন্মোচন হবে। সেদিনই অরুণ জেটলির নামে কোটলার নামকরণ হবে। মঙ্গলবার টুইট করে এমনটাই জানিয়ে দিল ডিডিসিএ। সংগঠনের প্রেসিডেন্ট রজত শর্মাও একই সিদ্ধান্ত জানিয়ে টুইট করেছেন। জানিয়েছেন জেটলিকে শ্রদ্ধা জানাতেই দিল্লি ক্রিকেট সংস্থার এ সিদ্ধান্ত।
যদিও ডিডিসিএ আরও একটি টুইট করে জানিয়েছে, স্টেডিয়ামের নাম অরুণ জেটলির নামে হলেও মাঠের নাম কিন্তু ফিরোজ শাহ কোটলাই থাকবে। ভারতের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদসংস্থা পিটিআইকে রজত শর্মা জানিয়েছেন, ‘অরুণ জেটলির সমর্থন আর উৎসাহে বিরাট কোহলি, বীরেন্দ্র শেবাগ, গৌতম গম্ভীর, আশিষ নেহেরা, রিশভ পান্ট ও আরও অন্যান্য খেলোয়াড়রা দেশকে গর্বিত করেছেন।’
ডিডিসিএর প্রেসিডেন্ট থাকাকালীন জেটলি কোটলাকে পুরো বদলে দিয়েছিলেন। তিনি পরিকাঠামো উন্নয়ন করেন। আধুনিক সুযোগ সুবিধা দেন। যার মধ্যে স্টেডিয়ামে আসন সংখ্যা বাড়ানো ও বিশ্বমানের ড্রেসিংরুমও তৈরি করা হয়েছে।
ভারতে অবশ্য নাম পরিবর্তনের এটাই প্রথম ঘটনা নয়। বর্তমান বিজেপি সরকার সেদেশজুড়ে বিভিন্ন শহরের নামও বদল করছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এলাহাবাদের নাম বদলে ‘প্রয়াগরাজ’ ও ফৈজাবাদকে বদলে ‘অযোধ্যা’ করার ঘোষণা দিয়েছেন।
গুজরাটে আহমেদাবাদের নাম বদলে হয়েছে কর্ণাবতী। দক্ষিণের রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের নতুন নাম হিসাবে প্রস্তাব করা হয়েছে ‘ভাগ্যনগর’। তাজ মহলের জন্য বিশ্বখ্যাত শহর আগ্রার নাম পরিবর্তন করে ‘অগ্রভান’ বা ‘অগ্রওয়াল’ করার প্রস্তাব এসেছে। এছাড়া মুজাফফরনগরকে লক্ষ্মীনগর করার প্রস্তাব উঠেছে।








