চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে প্রয়াত হন ৯৮ বছর বয়সী বলিউডের ট্রাজেডি কিং খ্যাত কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমার। তার মৃত্যুতে শোকার্ত বলিউড সহ পুরো ভারতবর্ষ।
এদিন বিকেল ৫টার দিকে প্রয়াত এই কিংবদন্তীর দাফন হবে মুম্বাইয়ের জুহুর শান্তাক্রুজ কবরস্থানে। দুপুরে মহারাষ্ট্রের স্থানীয় সরকার জানিয়েছে, দিলীপ কুমারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে।
এরআগে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতাল থেকে এই অভিনেতার মরদেহ নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়। যেখানে তাকে শেষবারের মতো দেখতে জড়ো হন বলিউডের নবীন প্রবীন তারকা থেকে শুরু করে সাধারণ ভক্ত অনুরাগীরা।
সিনেমা জগতে তিনি দিলীপ কুমার নামে পরিচিত হলেও তার প্রকৃত নাম মুহাম্মদ ইউসুফ খান। ১৯২২ সালের ১১ ডিসেম্বর অবিভক্ত ভারতের পেশোয়ারে জন্ম নেন দিলীপ কুমার।
ছয় দশকের অভিনয় জীবন দিলীপের। বলিউডে তিনি পরিচিত ছিলেন ‘ট্রাজেডি কিং’ নামে। ৬৫টিরও বেশি ফিল্মে অভিনয় করেছেন। তার অভিনীত আইকনিক ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দেবদাস (১৯৫৫), নয়া দওর (১৯৫৭), মুঘল-এ-আজম (১৯৬০), গঙ্গা যমুনা (১৯৬১), ক্রান্তি (১৯৮১) এবং কর্মা (১৯৮৬)।
কর্ম’র মতো ছবি বলিউডের ইতিহাসে চিরকাল মনে রাখবেন সিনেপ্রেমী দর্শক। ১৯৯৮ সালে এ মুক্তিপ্রাপ্ত ‘কিলা’ ছবিতে শেষ দেখা গিয়েছিল দিলীপের অভিনয়।
১৯৯৪-এ দাদা সাহেব ফালকে এবং ২০১৫-এ পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন তিনি।








