শাহ্ আলম শাহী, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের যমুনা অটোমেটিক রাইস মিলের বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মুকুল চন্দ্র, মুন্না ও রিপন নামে আরও তিনজন মারা গেছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুকুল ও সাড়ে ৭টার দিকে মুন্না রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এবং রিপন সাড়ে ৬ টায় দিনাজপুরে মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ জনে ।
গত ৫ দিনে অঞ্জনা, মোকছেদ আলী, আরিফুল ইসলাম, রুস্তম আলী, রনজিৎ রায়, শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, দুলাল মিয়া ও উদয় চন্দ্র বর্মন মারা যান। এদের মধ্যে রনজিৎ এবং দেলোয়ার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এবং রিপন দিনাজপুরে। অন্য সবাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন আন্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. মারুফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের শরীরের প্রায় ৯০ থেকে ৯২ শতাংশ পোড়া ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসাধীন অন্যান্যদের অবস্থাও আশঙ্কাজনক।
বুধবার দুপুরে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের শেখহাটি গোপালগঞ্জে যমুনা অটোমেটিক রাইস মিলে ভয়াবহ বয়লার বিস্ফোরণে কর্মরত ৩০ জন শ্রমিক আহত হন। বিস্ফোরণের পর পর দিনাজপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত ৩০ জনকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদের মধ্যে গুরুতর আহত ১৭ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।






