চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক যেভাবে বোঝেন চলচ্চিত্র শেষ পর্যন্ত তাই: রেজা গালিব

জুয়েইরিযাহ মউজুয়েইরিযাহ মউ
৯:৫০ অপরাহ্ন ২৯, মার্চ ২০১৮
বিনোদন, মতামত
A A

বাংলা চলচ্চিত্রে এই মুহূর্তে ভিন্ন ধারার গল্প বলতে চাইছেন, সিনেমা নিয়ে দর্শকদের ভিন্ন স্বাদ দিতেআগ্রহী যেসকল মেধাবী চলচ্চিত্র নির্মাতা তাদের মধ্যে একজন আকা রেজা গালিব। নাট্য নির্মাতা হিসেবে খ্যাতি থাকলেও এবার বড় পর্দায় আসছেন তিনি। ‘কালের পুতুল’ নামের একটি সাসপেন্স থ্রিলারধর্মী ছবি নিয়ে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ছবিটি শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে দেশের ছয়টি প্রেক্ষাগৃহে। ছবি মুক্তির আগে নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণের অভিজ্ঞতা নিয়ে মুখোমুখি চ্যানেল আই অনলাইনের:

‘কালের পুতুল’ নিয়েই যদি আমরা কথা শুরু করি, আসলে কবে থেকে ভাবতে শুরু করেন ‘কালের পুতুল’ নিয়ে?
একদম প্রথম থেকে বলতে গেলে বলতে হয় কাজটা ২০১৪ থেকেই শুরু। আমি মূলত বেঙ্গলের অনুদানের জন্য একটি স্ক্রিপ্ট জমা দেই। যেটা টপ টেনের মধ্যে ছিল, কিন্তু পরবর্তীতে যে পাঁচটা ছবি সিলেক্ট হয় তার মধ্যে সেটা ছিল না। পরবর্তীতে চ্যানেল আইয়ের সাগর ভাইকে(ফরিদুর রেজা সাগর) যখন দেখালাম ঐ স্ক্রিপ্ট তিনি সাজেশন দিলেন এতো বাজেটের ছবি করা হয়তো সম্ভব না ইমপ্রেস থেকে, তবে কম বাজেটের কোন চলচ্চিত্রের আইডিয়া আমার আছে কি না তা জানাতে। তো সেই সময় কম বাজেটের ছবি ভাবতে গিয়ে মনে হল বাজেট কমানোর বড় বিষয় একটি লোকেশনকে কেন্দ্র করে কাহিনি যদি হয়। তো ধাপে ধাপে এরকম সিদ্ধান্তে এসে পৌঁছালাম যে সিঙ্গেল লোকেশন করবো, থ্রিলার করবো।

অগথা ক্রিস্টির ‘এন্ড দ্যান দেয়ার ওয়ার নান’- এই গল্পটা অনেক ছোটবেলা পড়েছিলাম, সেবা প্রকাশনী থেকে বের হয়েছিল ‘দ্বীপ বিভীষিকা’ শিরোনামে। এটার কথা তখন মাথায় এলো। কিন্তু যেহেতু এটা একটা বিদেশি গল্প, তো ঐ গল্পটাকে কীভাবে বাংলাদেশের পটভূমিতে নিয়ে এসে সাজানো যায় সে চেষ্টাই আমরা করলাম। সে অর্থে এটা পুরোপুরি এডাপটেশন নয়, অনুপ্রাণিত হয়ে আমাদের মতোন করেই এ চলচ্চিত্রের চিত্রনাট্য লেখা।

এই যে এডাপটেশনের বিষয়টা, কোন কোন বিষয়ের উপর অধিক গুরুত্ব দিয়েছেন আপনি এবং চিত্রনাট্যকার নাসিফুল ওয়ালিদ?
প্রথমত গল্প নির্বাচনের পর আমার মনে হল চাকরী এবং নানান ব্যস্ততা সামলে সম্পূর্ণ চিত্রনাট্য একা লেখা সম্ভব নয়। তখন নাসিফুল ওয়ালিদের সাথে আমার পরিচয় হয় এবং জানতে পারি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ার সময় ওরা এ গল্পের উপর মঞ্চ নাটক করেছিল। তারও দেখলাম একই ভাবনা ছিল যে যদি করি তবে ঐ গল্পটাই করবো না, কেবল নাম-ধাম পালটে বাংলাদেশের পটভূমিকায় করবো তা নয়। বরঞ্চ গল্পের মূল নির্যাসটুকু নিয়ে নিজেদের মতো করে গল্প বা কাহিনি আমাদের সাজাতে হবে। তো আমরা এভাবে গল্প সাজাই যে এই দশকে এসে কেউ একজন ভাবে যে ঐ গল্পের মতোন ঘটনা আজ ঘটছে। এবং আমরা যেভাবে এই গল্প দ্বারা অনুপ্রাণিত ঠিক তেমনি এই চরিত্র গল্প দ্বারা অনুপ্রাণিত হয়ে হত্যাকাণ্ডগুলো ঘটাতে থাকে। এরপর কী হয় তা একটা ধাঁধাঁ এ চলচ্চিত্রের।

‘কালের পুতুল’ – শিরোনাম নিয়ে কখন ভেবেছেন বা শিরোনামের পেছনের ভাবনাটা কী?
শিরোনাম প্রথম থেকেই নির্বাচন করিনি। আমার যেটা ইচ্ছা ছিল গল্পের একটা প্রতীকী নাম দেওয়া যাতে সরাসরি গল্পটা বোঝা না যায় শিরোনাম শুনেই। এ গল্পে দেখুন চরিত্রগুলো নিয়ে কেউ একজন খেলছে, আবার নিয়তিও কিন্তু চরিত্রগুলো নিয়ে খেলছে। এভাবে ‘পুতুল’ শব্দটা আসে। আবার কাল শব্দটার দু’টো অর্থ আছে– সময় এবং মৃত্যু। এ জায়গাগুলো নিয়ে এরকমভাবে ভেবে রাখা। এখন দর্শক কোন ভাবনা ভাবেন তাও দেখার বিষয়। ‘কালের পুতুল’ এভাবেই সৃষ্টি!

এই যে টেক্সট এবং সাব-টেক্সের ভাবনা আপনার শিরোনামে বা চলচ্চিত্র নির্মাণে, এটা আপনার চলচ্চিত্রের ভাষার ক্ষেত্রে কতটা ভূমিকা রাখে?
আমার কাছে মনে হয় টেক্সট-সাব টেক্সট যেকোন শিল্পের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং যত মহৎ বা বড় শিল্প হবে তার টেক্সট এবং সাব টেক্সটের লেয়ার তত গভীর হবে। আমার এই ছবির একটা সাধারণ গল্প বা টেক্সট তো আছেই। এটা একটা থ্রিলার গল্প। কিন্তু দেখুন যখন দেখা যায় আমরা সরাসরি যখন কিছু বলতে পারি না তখন আমরা অন্যভাবে বলার চেষ্টা করি। যেমন– গল্পটার চরিত্র এরকম কেন? অপরাধ এবং শাস্তির একটা সম্পর্ক। শাস্তি হয় কি হয় না। কিন্তু স্লোগান বড় হয়ে উঠুক তা আমি চাই না। দর্শক যেভাবেই নেন বা বোঝেন চলচ্চিত্র শেষ পর্যন্ত তাই।

Reneta

এই গ্লোবালাইজেশনের যুগে আপনার থ্রিলার দেখার আগের বা পরের দিন একজন হলিউডের কোন থ্রিলার দেখবেন হয়তো। তো এক্ষেত্রে থ্রিলারে প্রযুক্তির ব্যবহার নিয়ে বা গল্প ভাবনা নিয়ে দর্শকের কাছে পৌঁছানোর ব্যাপারে আপনি কতটা আশাবাদী?
প্রথম কথা হল এখন তো থ্রিলারেরই অনেক সাব জনরা তৈরি হয়ে আছে, সাসপেন্স থ্রিলার, একশন থ্রিলার, ক্রাইম থ্রিলার ইত্যাদি। হলিউডে তো তকমা লাগানোর অভ্যেস আছেই। কিন্তু সেই রকম জায়গায় দাঁড়িয়ে আমি থ্রিলার শব্দটা ব্যবহার করতে চাই না। থ্রিলার শব্দটা মূলত দর্শক যাতে চলচ্চিত্রের বিষয়টা বুঝতে পারেন সেজন্য ব্যবহার করা। বাংলাদেশের দর্শকদের মধ্যে তুলনা করার একটা আশঙ্কা তৈরি হয় বটে। তবু বলতে চাই মূলত এটা একটা সাসপেন্স এবং সাইকোলজিক্যাল থ্রিলার, বাংলাদেশের দর্শকদের জন্য নতুনত্বের স্বাদ এনে দেবে বলেই মনে হয়। আর প্রযুক্তির বিষয়ে বলতে চাই প্রযুক্তি অদৃশ্য হওয়া ভাল। আমরা যখন বলি সেট ভাল, স্পেশাল এফেক্ট ভাল এসবকে আমি নেতিবাচক মনে করি। কারিগরী দিক থাকবে ঠিকই কিন্তু নির্মাণে বা গল্প বলাতে চলচ্চিত্রের ভাষাটাই মুখ্য হবে। এটা করার চেষ্টা করা হয়েছে ‘কালের পুতুল’ এ।

হল পাওয়ার ক্ষেত্রে যে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে নির্মাতা-প্রযোজকদের এ ব্যাপারে কী বলবেন?
প্রযোজক-পরিবেশক-প্রদর্শক বাংলাদেশের এই চক্রে পারস্পরিক বোঝাপড়া ও বাণিজ্যিক যে মেলবন্ধন এর ঘাটতি আছে। তার উপর উনারা নির্ধারণ করে ফেলেছেন ‘এ ধরণের চলচ্চিত্র চলবে এ ধরণেরটা চলবে না।’। তো চল্লিশ-পঞ্চাশ বছর ধরে এই যে অবস্থা হল পাওয়া না পাওয়ার ক্ষেত্রে সেটা আমার মনে হয় আমরা যত বেশি নানান ধরণের চলচ্চিত্র নির্মাণ করবো, হলে নিয়ে যেতে পারবো। ধীরে ধীরে হয়তো এর পরিবর্তন আসবে। আর সব চলচ্চিত্র অনেক দর্শকের কাছে যেতে হবে তাও না। কিন্তু চলচ্চিত্র নির্মাণ করতে হবে। আবার আমরা অনেকে ভাবছি দেশে না চললে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে চালিয়ে দিবো, এটা থেকেও বের হয়ে আসা প্রয়োজন আমাদেরই।

কালের পুতুল ছবির একটি দৃশ্যে চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে নির্মাতা

এখন তো অনেক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমাদের চলচ্চিত্রগুলো যাচ্ছে বিভিন্ন দেশে এবং এই ক্রাইসিসটা তো আমাদের আছেই যে হলে আমাদের চলচ্চিত্র আমরা চালাতে পারছি না অনেক ক্ষেত্রে। তো সব মিলিয়ে এই পরিবেশে আমাদের চলচ্চিত্রের কনটেন্ট বা বিষয় নির্বাচন অনেক সময় চলচ্চিত্র উৎসব বা অনুদান নির্ভর হয়ে উঠছে বলে কি আপনার মনে হয়?
বিষয়। হ্যাঁ, একটা ছবি তো তার কনটেন্টের উপর নির্ভরশীল বটে। কিন্তু বিষয়ই কি সব, না কি নির্মাণের ভাষা, ফর্ম, স্টাইলটা কি সেটা গুরুত্বপূর্ণ। এখন আমি যদি বলি গ্যাংস্টার ফিল্ম সেটা মানেই কি বাজে ছবি? তাহলে গদারের ‘ব্রেথলেস’ বা হিচককের থ্রিলার এ চলচ্চিত্রগুলো নিয়ে আপনি কি বলবেন? কীভাবে উপস্থাপন করা হচ্ছে এটা ফেক্ট। কিন্তু হ্যাঁ বাইরের দেশের একটা টার্গেট তো থাকেই যে এই এই বিষয়কে তারা গুরুত্ব দিবে, এটা টার্গেট করে অনেকে হয়তো চলচ্চিত্র নির্মাণ করছেনও। আমি নেতিবাচক বলছি না ব্যাপারটাকে, সবার নিজস্ব চিন্তা ভাবনা থাকেই। কিন্তু আমার মনে হয় চলচ্চিত্র যদি নিজের দেশের চলচ্চিত্রের ট্রেন্ড পাল্টাতে না পারে তবে সেই চলচ্চিত্র বাইরের ফেস্টিভালে গেলেও কত খানি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে তা সম্পর্কে আমি সন্দিহান। এটাও এক ধরণের তকমা, এই যে এটা ফেস্টিভাল ফিল্ম এটা ফেস্টিভাল ফিল্ম না। এই বিষয়টাও এখন প্রচারিত হচ্ছে যা নেতিবাচক বলেই আমার ধারণা।

অনুদানের ক্ষেত্রেও তো তাই হচ্ছে, নয় কি? ধরুণ এতো অনুদানের সোর্স কিন্তু নির্মাতারা কি পারছেন তার পছন্দের গল্প নিয়ে এসব অনুদাননির্ভর প্লাটফর্ম ব্যবহার করতে?
আমরা আসলে খুব সংকীর্ণ এক পথে এসে দাঁড়িয়েছি এসব ব্যাপারে। এখন আমি যদি বলি আমি মধ্যবিত্ত এক জীবন যাত্রা নিয়ে একটা চলচ্চিত্র করতে চাই তবে আমি আসলে কোথাও ফান্ড পাবো না বলেই মনে হয়। যেমন-বাণিজ্যিক ধারায় এ চলচ্চিত্র চলবে না অনেকে বলবেন। আবার অনেকে বলবেন এটা তো তেমন ফেস্টিভালেও যাবে না কারণ এখানে তথাকথিত বিষয়বস্তু যেমন বাংলাদেশের নারী স্বাধীনতা, মানবাধিকার, জঙ্গি ইস্যু, দারিদ্র্যতা ইত্যাদি নেই। কিন্তু এই ধরণের বিষয়ের উপরও চলচ্চিত্রের দরকার আছে কি না আমাদের দেশে এটা নিয়েও ভাবা দরকার।

চলচ্চিত্রের ক্ষেত্রে প্রচার-প্রসার নিয়ে বলুন। প্রচারের ক্ষেত্রে আমরা কতটা এগোতে পারছি?
প্রচারের ক্ষেত্রে আমার মনে হয় ধরণটা পাল্টানো খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আরেকটা ব্যাপার হল নির্দিষ্ট করা উচিৎ এই দায়িত্বটা আসলে কার? নির্মাতার? প্রযোজকের নাকি পরিবেশকের? আমাদের এখানে প্রচারের পরিকল্পনাই যথার্থভাবে হয় না। পাবলিসিটির রোলটা কার? যেমন প্রডিউসার যদি টাকা তুলে আনতে চান তাহলেও তার প্রচার জরুরী। আবার দশ-বিশ বছর আগের পদ্ধতিতেই প্রচার করলে তা খুব বেশি সুবিধাজনক হয় না। তবে আমি আশাবাদী। পরিবর্তন আসছে। টার্গেট দর্শককে নির্দিষ্টভাবে সনাক্ত করে প্রচারের ব্যবস্থা করলে চলচ্চিত্রের খবর অনেক জায়গায় ছড়িয়ে দেওয়া সম্ভব। যেমন পাবলিসিটির বিভিন্ন টুল কি কি হবে, পোস্টার-ট্রেলার-টিজার বা গান এসব কীভাবে ব্যবহার করা যায় ভাবতে হবে আসলে।

ছবি: জাকির সবুজ

আচ্ছা পোস্টার নিয়ে যখন কথা এলো, এ নিয়ে একটু বলুন। আপনার কি মনে হয় না পোস্টার সবচে বেশি চলচ্চিত্রকে উপস্থাপন করছে দর্শকের সামনে?
পোস্টারে তো একটা ফ্রেমেই দর্শককে সব তথ্য দিতে হচ্ছে, সেটা একটা বিরাট গুরুত্বপূর্ণ কাজ। বাংলাদেশে এখনো পোস্টারকে যথার্থভাবে শিল্প হিসেবে গ্রহণ করা হচ্ছে না। এ ব্যাপারে সচেতন হওয়া জরুরী।

‘কালের পুতুল’ এর দর্শক কারা?
বাংলাদেশের চলচ্চিত্রে নতুন ছবি দেখতে চায় যারা তারাই এ ছবির দর্শক। ছোট ছোট পরিসরেও এখন নতুন কিছু দেখলে চলচ্চিত্রকে দর্শক গ্রহণ করছেন। এরাই আমার চলচ্চিত্রেরও দর্শক বলে আমার মনে হয়।

আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলুন।
এটা বলা একটু মুশকিল। একটা সত্য কথা হল- আমি যে বয়সে এসে প্রথম চলচ্চিত্র নির্মাণ করলাম সে ক্ষেত্রে আমি যদি নিয়মিত চলচ্চিত্র নির্মাণ করি তাও শারীরিক-মানসিক সব অবস্থা বিবেচনা করে হয়তো আর পাঁচটা চলচ্চিত্র আমি নির্মাণ করতে পারবো। তবে আমি যতগুলোই চলচ্চিত্র নির্মাণ করি তবে ইচ্ছে আছে ভিন্ন ভিন্ন ধরণের চলচ্চিত্র নির্মাণ করবো, ধরুন পাঁচটা পাঁচ জনরার চলচ্চিত্র নির্মাণ করলাম এরকম। এরপর একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করার ইচ্ছে আছে, যেহেতু পথ চলা শর্ট ফিল্ম ফোরামের মধ্য দিয়েই শুরু হয়েছিল। চলচ্চিত্র আন্দোলনগুলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল, এই যে বিকল্প ধারার চলচ্চিত্র প্রদর্শনী তাও তো শর্ট ফিল্ম ফোরামেরই আন্দোলনের ফসল। তবে এ চলচ্চিত্রের উপর অনেক কিছুই নির্ভর করছে। দর্শকদের চাহিদার উপরই অনেককিছু নির্ভরশীল।

Jui  Banner Campaign
ট্যাগ: আকা রেজা গালিবইমপ্রেস টেলিফিল্মকালের পুতুলফেরদৌসলিড বিনোদন
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT