‘নিষিদ্ধ প্রেমের গল্প’ দিয়ে আলোচনায় আসা তরুণ পরিচালক রুবেল আনুশ। অন্য ধরনের গল্প ভাবনা থেকে এবার তিনি নির্মাণ করলেন ‘বাবার লেখা চিঠি’ নামের একটি ওয়েব ফিকশন। যথারীতি এটিও দর্শকপ্রিয়তা পাচ্ছে। এমনটাই জানালেন নির্মাতা।
ভালোবাসা দিবস উপলক্ষ্যে ওয়েব ফিকশনটি সিনেমাটিক অ্যাপে স্ট্রিমিং হয়েছে বলে জানান আনুশ। এরপর থেকেই দর্শকদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন তিনি। জানান, দুই টাকা সাবস্ক্রিপশনে ‘বাবার লেখা চিঠি’ দেখে দর্শক আবেগাপ্লুত। বলছেন ‘পয়সা উসুল’তো বটেই, সেই সঙ্গে এমন গল্প নির্মাণের জন্য বাহবা দিচ্ছেন।
বাবা ও মেয়ের মধ্যকার সম্পর্ক নিয়ে নির্মিত ‘বাবার লেখা চিঠি’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আশীষ খন্দকার ও সালহা খানম নাদিয়া। এছাড়াও আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, কৌশিক, মোহাম্মদ সালমান।
একজন মেয়ে পরিবার থেকে পালিয়ে যাওয়ার পর সেই মেয়ের বাবার মানসিক অবস্থা কেমন হয় তা নিয়ে এর গল্প। ওয়েব ফিকশনটির চিত্রনাট্য করেছেন রাকায়েত রাব্বি।
এই গল্প নিয়ে রুবেল আনুশ বলেন, ‘সব বাবা-মা চায় তার সন্তান সুখে থাকুক। তাই তারা যখন হুট করে কারো হাত ধরে পালিয়ে যায় তখন একজন বাবা অনেক কষ্ট পান। এ গল্পে বাবার সে মানসিক অবস্থা, সেটাই তুলে আনতে চেষ্টা করেছি।’
পরিচালক জানান, এ ফিকশনটির মাধ্যমে আশীষ খন্দকার বাবার চরিত্রেও যে দুর্দান্ত অভিনয় করতে পারেন, তা দর্শক দেখবেন।
ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে টানা ৪ দিন ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রেলওয়ে কলোনিতে ‘বাবার লেখা চিঠি’র শুটিং হয়। চিত্রগ্রহণে ছিলেন মহি শান্ত। শরিফ চৌধুরীর সম্পাদনায় আবহ সংগীত করেছেন সোহেল রাজ। নেপথ্যে কণ্ঠ দিয়েছেন মাহবুবুর রহমান টুনু। প্রযোজনা করেছে লাইভ টেকনোলিজস।








