ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। অভিনয় করছেন দেড় যুগের বেশী সময় ধরে। আসছে ১৫ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তির প্রতীক্ষায় আছে তার অভিনীত ছবি ‘ফাগুন হাওয়ায়’। যে ছবিতে তার বিপরীতে দেখা যাবে এই সময়ের তরুণ অভিনেতা সিয়ামকে। আর এখানেই যেন খটকা!
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তৌকীর আহমেদের ছবি ‘ফাগুন হাওয়ায়’। শেষ সময়ে ছবির প্রচারণায় ছবির কলাকুশলীদের নিয়ে বিভিন্ন মাধ্যমে ছুটে বেড়াচ্ছেন নির্মাতা। বৃহস্পতিবার দুপুরে ছবির দুই অভিনয় শিল্পী তিশা ও রওনক হাসানকে নিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত ফেসবুক লাইভ ‘কথাবার্তা’য় এসেছিলেন তৌকীর। সেখানেই এক দর্শক প্রশ্ন রাখেন, তিশার বিপরীতে কেন সিয়াম?
সাধারণত বাংলা সিনেমায় নায়িকাদের বয়স ও অভিজ্ঞতার তুলনায় নায়ক একটু বয়সী ও ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা বেশী থাকতেই দেখা যায়। কিন্তু ‘ফাগুন হাওয়ায়’ সেই স্টেরিওটাইপ ভাঙতে দেখেই দর্শকের এমন প্রশ্ন। তবে উত্তর এড়িয়ে যাননি কেউ।
দর্শকের এমন প্রশ্নের উত্তর দেন তৌকীর। তিনি জানান, ‘আমাদের গল্পের যে প্লট সেখানে দুইজন তরুণ তরুণীর দরকার ছিলো! সিয়াম সেই জায়গায় বেশ ফিট ছিলো, আর তিশাকেও আমরা তরুণী হিসেবেই চিন্তা করি!’ এমন কথা বলার পরই পাশে থেকে হাসতে শুরু করেন তিশা!
হাসেন তৌকীর নিজেও। এরপর সেই দর্শকের উদ্দেশ্যে তৌকীর বলেন, দর্শক এই প্রশ্নের মধ্য দিয়ে যা বুঝাতে চেয়েছেন তা আমি বলছি। আসলে একজন ভালো অভিনেত্রী কিন্তু তার অভিনয় দক্ষতা দিয়ে যে কোনো ক্যারেক্টারকেই ফুটিয়ে তুলতে পারেন, নিজেকে ফিটিং করতে পারেন। আমার মনে হয়েছে, সেই জায়গায় তিশার চেয়ে বিকল্প আর কেউ নেই। অন্তত তাদেরকে জুটি হিসেবে দেখতে আমার কাছে ভালো লেগেছে।
সিয়ামের সাথে কাজের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিশা নিজেও। তিনি বলেন, সিয়ামের সাথে ট্রেলারে আমাদের ক্যামিস্ট্রিটা বুঝতে পেরেছেন, ইতোমধ্যে গানেও আমাদের জুটির প্রশংসা হচ্ছে।
টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম-তিশা। এছাড়াও অভিনয় করছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা, আবুল হায়াৎ, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ, নুসরাত জাহান জেরি প্রমুখ।








