ব্যাংককে অনুষ্ঠিত থাইল্যান্ডের প্রথম সারির থিয়েটার কোম্পানি ‘থং লর আর্ট স্পেস অব ব্যাংকক’ এর নিয়মিত অায়োজন ‘কালচারাল এক্সচেঞ্জ মিটিং ২০১৭’ তে আমন্ত্রিত হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন নাটকের দল স্বপ্নদলের সদস্য তানভীর শেখ।
‘থং লর অার্ট স্পেস অব ব্যাংকক’ এর নিজস্ব ভবন, সুকুম্ভি-৫৫ (সওই থং লর), ব্যাংকক এর আর্টস ডিপার্টমেন্টে নির্ধারিত আয়োজনে গত ১৮ সেপ্টেম্বর ‘বাংলাদেশের সমকালীন নাট্যচর্চা ও মূকাভিনয়-এর সম্ভাবনা’ শীর্ষক অালোচনায় অংশগ্রহণ করেন তিনি। এরপর থাইল্যান্ডের থিয়েটার কোম্পানি ‘ইউনিডেন্টিফাইড’, ‘থং লর অার্ট স্পেস অব ব্যাংকক’ কর্তৃপক্ষ সহ স্থানীয় নাট্যশিক্ষার্থী ও নাট্যকর্মীদের সঙ্গে নাট্য-আলোচনায় অংশগ্রহণ করেন এবং একই সাথে ওই আয়োজনে স্বপ্নদলের যুদ্ধবিরোধী গবেষণাগার নাট্য প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’ নাটক থেকে তার অভিনীত কিছু অংশে অভিনয় করেন তানভীর শেখ।
নাট্যসংগঠন ‘স্বপ্নদল’ এর সাথে যুক্ত থেকে দলের সবগুলো চলমান প্রযোজনায় কাজ করে চলেছেন তানভীর। বিশেষ করে স্বপ্নদলের যুদ্ধবিরোধী প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’ এর গ্রন্থিক হয়ে ইংল্যান্ডের লল্ডনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আয়োজিত ইউরোপের স্বনামখ্যাত নাট্যোৎসব ‘এ সিজন অব বাংলা ড্রামা-২০১৫’, এশিয়ার বৃহত্তম ও ভারতের রাষ্ট্রীয় নাট্যোৎসব ‘ভারত রঙ মহোৎসব-২০১৫’ সহ ভারতের বেশ কয়েকটি আান্তর্জাতিক নাট্যোৎসবে অংশগ্রহনের মাধ্যমে প্রশংসিত হয়েছেন তানভীর শেখ।








