‘মধ্যবিত্ত পরিবারের ছেলেটি কাজের সন্ধানে একজন মহিলার সঙ্গে নতুন জায়গায় যান। জায়গাটার নাম হলুদবনি। সেখানে গিয়ে একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়। গল্পটা খুব সুন্দর। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের বড় গল্প। আমার খুব প্রিয়। এখানে চারটি চরিত্র—তিনটা মানুষ আর একটা জঙ্গল। একটি পুরুষ দুটি নারী। পুরুষটি আমি আর দুজন নারীর একজন তিশা আর অন্যজন পাওলি দাম। পাওলির সঙ্গে এটা আমার নবম ছবি আর তিশার সঙ্গে প্রথম।’ বললেন পরমব্রত চট্টোপাধ্যায়, ভারতের বাংলা ছবির এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক।
ছবির নাম ‘হলুদবনি’। পরিচালক মুকুল রায় চৌধুরী। পশ্চিমবঙ্গে ঝাড়খন্ডের হাজারিবাগ এলাকায় টানা শুটিং হলো। ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।
শুটিংয়ের মাঝে গত বৃহস্পতিবার রাতে মুঠোফোনে কথা হলো পরমব্রতর সঙ্গে। ওই দিন সন্ধ্যায় তিনি তিশার সঙ্গে তোলা তার একটি সেলফি পাঠিয়েছেন চ্যানেল আই অনলাইনকে। জানালেন, আর মাত্র একদিন কাজ হলেই এখানে শুটিং শেষ হবে। শনিবার সবাই কলকাতায় ফিরেছেন।

সেলফিটি কখন তুলেছেন? ‘আজই। কালিকাদার (প্রয়াত কালিকা প্রসাদ ভট্টাচার্য, সংগীতশিল্পী ও দোহার গানের দলের সদস্য) দুর্ঘটনার খবর পেয়ে একদম মুষড়ে পড়েছিলাম। একদিন কোনো কাজ করতে পারিনি। এখন কিছুটা কাটিয়ে উঠেছি। আবার শুটিং করছি। এরই ফাঁকে আজ তিশার সঙ্গে সেলফিটি তুলেছি।’ বললেন পরমব্রত।
পরমব্রত ইদানিং ঢাকার দুটি ছবিতে কাজ করেছেন। গত সপ্তাহে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ভুবন মাঝি’ ছবি। এই ছবিতে তিনি অভিনয় করেছেন অপর্ণার সঙ্গে। এরপর আসছে ভাবনার সঙ্গে তার আরেকটি ছবি, ‘ভয়ঙ্কর সুন্দর’। এবার অভিনয় করছেন তিশার সঙ্গে। কেমন লেগেছে? পরমব্রত বললেন, ‘খুব ভালো। তিশার সঙ্গে এবারই প্রথম কাজ করেছি। এর আগে দেখেছি তিশার “টেলিভিশন” ছবিটি। কয়েকটি নাটকও দেখেছি। এবার কাজ করতে গিয়ে বুঝেছি, তিশা অনেক বড় মাপের একজন অভিনেত্রী। আর তা হয়তো তিশা নিজেও জানেন না। মানুষটা খুব মজার। আমাদের আগে কখনো দেখা হয়নি, কথা হয়নি, কিন্তু ৫ মার্চ সকালে যখন আমি শুটিং স্পটে যাই, কিছু সময়ের মধ্যেই আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক তৈরি হয়।’
জানালেন, শুটিংয়ের ফাঁকে এই ক’দিনে তাদের অনেক আড্ডা হয়েছে। দুই বাংলার নানা বিষয় ছিল আড্ডায়।
শেষে ‘হলুদবনি’ ছবিতে তিশার অভিনয় নিয়ে বললেন, ‘ছবিতে তিশার চরিত্র আর তাতে তিশার অভিনয় সবার চোখে পড়বে। সবার নজর কাড়বে। আরেকটা ভালো কাজ বেরিয়ে আসছে।’

‘হলুদবনি’ ছবির কারিগরি দিকের সঙ্গেও সম্পৃক্ত পরমব্রত। বললেন, ‘এই ছবির একদম স্ক্রিপ্ট লেভেল থেকেই আমি আছি।’
ঢাকার প্রেমে পড়ে গেছেন পরমব্রত। ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘ভুবনমাঝি’ ছবির শুটিংয়ের ফাঁকে গত বছর একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন। বললেন, ‘এতটা বছর শুধু শুনেছি। এবার আমি নিজে সেখানে ফুল দিয়েছি।’ এ বছর পহেলা বৈশাখে ঢাকায় থাকবেন তিনি। ছায়ানটের বর্ষবরণ, চারুকলার মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে সব কিছুতে অংশ নেবেন। কারণ ‘হলুদবনি’ ছবির পরের শুটিং হবে ঢাকায়, ৯ থেকে ১৫ এপ্রিল।








