ঢাকায় তিন দিনের নাট্যমেলা আয়োজন করছে চট্টগ্রামের নন্দিত নাট্যদল তির্যক। শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শুরু হচ্ছে এই আয়োজন। উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের।
এছাড়া নাট্যমেলায় সম্মাননা জানানো হবে ফেরদৌসী মজুমদার ও নাসির উদ্দিন ইউসুফকে। উদ্বোধনী আসরের আগে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
তির্যকের দলপ্রধান আহমেদ ইকবাল হায়দার নাট্যমেলা প্রসঙ্গে বলেন, তির্যকের ৪৪ বছরে পদার্পণ উপলক্ষে শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ‘তির্যক নাট্যমেলা’। তিন দিনের এই মেলায় তির্যক নাট্যদলের তিনটি প্রযোজনা মঞ্চস্থ হবে। এগুলো হলো- বিসর্জন, ইডিপাস ও তরঙ্গভঙ্গ।
শুক্রবার সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘বিসর্জন।

শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘নাট্যভাবনা আদান প্রদান’ শীর্ষক এক সেমিনারে অংশ নেবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও নাসির উদ্দিন ইউসুফ। এদিন সন্ধ্যায় মঞ্চস্থ হবে সক্রেটিসের গ্রিক ট্র্যাজেডি ‘ইডিপাস’। রোববার বিকেল সাড়ে ৫টায় নাট্যমেলার সমাপনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সেদিন দলটি পরিবেশন করবে সৈয়দ ওয়ালীউল্লাহর নাটক ‘তরঙ্গভঙ্গ’। নাটক মঞ্চায়নের পাশাপাশি শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে সংগীত, আবৃত্তি, নৃত্য, মুকাভিনয় ও চট্টগ্রামের লোকগান।








