সৌদি আরবে বেতন নিরাপত্তা প্রকল্পের নবম পর্ব উন্মোচন করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। এই প্রকল্পের অধীনে ৩ মাসের বেশি বেতন না পেলে চাকরি ছেড়ে অন্য কোথাও চাকরি নিতে পারবে কর্মীরা।
১শ’ বা তার বেশি কর্মী আছে এমন প্রায় সাড়ে ৩ হাজার বেসরকারি প্রতিষ্ঠানের ৪ লাখ সাড়ে ৫ হাজার কর্মচারীর বেতনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্পটি উন্মোচন করা হয়েছে।
দেশের সবগুলো বেসরকারি খাতে প্রতিষ্ঠানগুলোতে নতুন প্রকল্পটি বাস্তবায়নে শ্রম মন্ত্রণালয় প্রতিজ্ঞাবদ্ধ। কর্মচারীর যেনো সময়মতো বেতন পায় তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা করা হচ্ছে বলে জানান মন্ত্রণালয়ের কর্মপরিবেশ পরিদর্শন ও উন্নয়ন বিষয়ক সহকারি সচিব আবদুল্লাহ আবু নাঈন।
কোনো প্রতিষ্ঠান নতুন বেতন প্রকল্পের আইন না মানলে তাকে ৩ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। ভুক্তভোগী কর্মীর সংখ্যা অনুসারে জরিমানার অংক গুণিতক হারে বাড়তে থাকবে।
সহকারি সচিব জানিয়েছেন, কর্মীদের বেতন বিষয়ক টানা দু’মাসের তথ্য যদি সরকারকে দেওয়া না হয়, তবে সরকারের পক্ষ থেকে প্রতিষ্ঠানকে সবরকম সেবা প্রদান সাময়িকভাবে স্থগিত করা হবে। আর যদি কোম্পানি একটানা ৩ মাসের বেশি সময় ধরে কর্মচারীদের বেতন আটকে রাখে তাহলে সরকার সবরকম সুবিধা কোম্পানিটির জন্য বন্ধ করে দেবে এবং এর কর্মীরা অন্য যে কোনো প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করতে পারবে, আগের চাকরিদাতার সঙ্গে কোনো ধরণের চুক্তি সই করা থাকলেও।
প্রকল্পের অধীনে যত দ্রুত সম্ভব মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নিজ নিজ বেতন প্রতিবেদন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে জমা করতে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন নাঈন।
এই প্রকল্পের মাধ্যমে চাকরিদাতা প্রতিষ্ঠান এবং কর্মচারীদের মধ্যকার সমস্যাগুলো কমে আসবে বলে আশা করছে প্রশাসন।







