আগামী তিন দিনের মধ্যে গঠিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জা.বি) শাখা ছাত্রলীগের নতুন কমিটি।
দীর্ঘ চার বছর পর পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করার লক্ষ্যে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ-সম্পাদক এস এম জাকির হোসাইন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান সোহাগ বলেন, সোনার বাংলাদেশ গড়তে হলে সোনার মানুষ চাই। আমরা আশা করি সেই সোনার মানুষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের মধ্যে রয়েছে। যোগ্য ও বঙ্গবন্ধুর আর্দশে বিশ্বাসী কর্মীদের নেতৃত্বে আনা হবে। আগামী তিনদিনের মধ্যে কমিটি ঘোষণা করা হবে বলেও সাংবাদিকদের জানান তিনি।
প্রধান বক্তার বক্তব্যে এস এম জাকির হোসাইন বলেন, শুধু মিছিল মিটিং করলেই হবে না, পড়াশোনা ও দেশ গড়ার কাজে নিজেদেরকে সম্পৃক্ত করতে হবে। যেখানে বিএনপির নেতারা তাদের ছাত্র-নেতাদের হাতে অস্ত্র তুলে দেয়, সেখানে দেশরত্ম শেখ হাসিনা ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে তুলে দেন খাতা-কলম। তাই ছাত্রলীগের প্রতিটি কর্মীকেই জ্ঞানী ও কর্মঠ হতে হবে। মনে রাখতে হবে, যারা চেষ্টা ও পরিশ্রম করে তারাই সাফল্য অর্জন করে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের সঞ্চালনায় কর্মীসভায় কেন্দ্রীয় ও জাবি শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








