আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশ তালেবানের দখলে যাওয়ার উপক্রম হয়েছে। গত দুই দিনে সেখানে ভয়াবহ সংঘর্ষে ৯০ সেনা নিহত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্টের কাছে হেলমান্দ রক্ষার সামাজিক মাধ্যম ফেসবুকে আকুতি জানিয়েছেন প্রদেশটির ডেপুটি গভর্নর মোহাম্মদ জান রাসুলইয়ার।
তালেবানরা ইতোমধ্যেই হেলমান্দের সাঙ্গিন জেলার পুলিশ সদরদপ্তর দখল করে নিয়েছে বলে জানা গেছে। জেলার অন্যান্য স্থানেও লড়াই চলছে। কয়েক বছর ধরে এটি রক্ষার জন্য লড়াই করছে মার্কিন ও ব্রিটিশ সেনারা।
ফেসবুকে প্রেসিডেন্ট আশরাফ ঘানির কাছে প্রদেশটি রক্ষার আকুতি ও আবেদন করেছেন রাসুলইয়ার। প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে রাসুলইয়ার লিখেছেন, ‘আমি জানি যে বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরায় আপনি ক্ষুব্ধ হবেন। কিন্তু আমি তো আর নীরব থাকতে পারছি না… কারণ হেলমান্দ (পতনের) তীরে এসে দাঁড়িয়েছে। গত দুদিনের গেরেশক এবং সাঙ্গিন জেলায় ৯০ জনকে হত্যা করা হয়েছে।’
প্রেসিডেন্ট অফিস তাৎক্ষণিকভাবে রাসুলইয়ারের পোস্টে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। কাবুলে প্রতিরক্ষা মন্ত্রণালয় হেলমান্দের পতন এবং ৯০ সেনার মৃত্যুর খবর দৃঢ়ভাবে অস্বীকার করেছে।
কিন্তু স্থানীয় কর্মকর্তারা রাসুলইয়ারের বক্তব্যের সাথে একমত পোষণ করেছেন এবং বলেছেন সাঙ্গিনের মতো জেলায় তালেবানরা দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।
হেলমান্দের এ খবর দক্ষিণাঞ্চলীয় কুন্দুজ শহরের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। সেপ্টেম্বর মাসে স্বল্প সময়ের জন্য গুরুত্বপূর্ণ শহরটি দখল করে নিয়েছিলো তালেবানরা। সেটা ছিলো গত ১৪ বছরের মধ্যে তাদের কোনো বড় বিজয়।
শেষ পর্যন্ত হেলমান্দের পতন হলে তা হবে দেশটিতে মোতায়েন ন্যাটো নেতৃত্বাধীন বাহিনীর জন্য আরেকটি আঘাত।







