মাশরাফী কোথাও যাবেন আর মানুষের ঢল নামবে না, তাই কী হয়! মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামেও সেটি হয়নি। মঞ্চে উঠতেই জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের সামনে সারি সারি হাত। একটু ছুঁয়ে দেখার ব্যাকুলতা শত শত তরুণের। মাশরাফীও সাড়া দিলেন।
ক্রিকেটের আইডল মাশরাফীকে কাছে পেলে ভক্তরা নিজেদের আবেগ ধরে রাখতে পারেন না অনেক সময়। গত মাসেই টাঙ্গাইলে ধনবাড়ীতে একটি অনুষ্ঠানে নিরাপত্তা-বেষ্টনী ডিঙিয়ে মঞ্চে উঠে মাশরাফীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন এক ভক্ত। এবার অবশ্য তেমন কিছু ঘটেনি। মাশরাফীর হাতের স্পর্শ পেয়েই খুশি থেকেছেন স্থানীয় তরুণরা।
সোমবার বেলা ২টার দিকে হেলিকপ্টারে চড়ে মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে পৌঁছান মাশরাফী। ভক্তদের বাঁধভাঙা উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো গ্যালারি। মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন তিনি।
মাশরাফীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা, ঢাকা বিভাগীয় কমিশনার মো. নুরুন্নবী, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু এবং অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান।
২০১৭ সালের ১৬ ডিসেম্বর জেলার ছয়টি উপজেলার মোট ছয়টি টিম নিয়ে শুরু হয় এই বিজয় দিবস টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।








