বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দেওয়া প্রভাবশালী দেশগুলোকে ইঙ্গিত করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, যে সব দেশ ওই খুনিদের আশ্রয় দিয়েছে, তাদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে খুন করে কোনো খুনি বাংলাদেশে আশ্রয় নিলে তারা মানবাধিকার বা গণতন্ত্রের তোয়াক্কা না করে ড্রোন পাঠিয়ে বাংলার মানুষদের ‘সাফা’ করে দিতো।
তিনি খুনিদের প্রশ্রয় না দিয়ে ওইসব দেশকে মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার আহবান জানিয়েছেন।
রোববার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের শোক র্যালির উদ্বোধন করে এসব কথা বলেন।
সংক্ষিপ্ত সমাবেশে মতিয়া চৌধুরী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার চলছে। বঙ্গবন্ধুর ৫ খুনির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এবার পলাতক খুনিদের পালা।
তিনি বলেন, মানবাধিকার ও ন্যায়বিচার সবার জন্য, সব দেশের জন্য। শেখ হাসিনা সারা পৃথিবীতে বিশ্ব জনমত এবং ন্যায়বিচারের আহ্বান জানিয়েছেন। দেশের নিপীড়িত, নিগৃহীত জনগণ এই ন্যায়বিচারের জন্য লড়াই করবে।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে শেষ হয়।







