ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর স্মরণিকায় প্রকাশিত একটি নিবন্ধে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ঢাবি প্রশাসন। তবে প্রকাশনায় জড়িত অন্যান্যদের শাস্তি না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ঢাবি ছাত্রলীগ।
এই ঘোষণার আগে আজ শুক্রবার দুপুরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে প্রক্টর এসে তাকে অবরোধমুক্ত করে নিয়ে গেলেও সন্ধ্যার মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে থাকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
এরপরই নিবন্ধটির লেখক এবং স্মরণিকার প্রকাশনায় দায়িত্ব পালন করা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানকে অব্যাহতি দেয়ার কথা ঘোষণা করে ঢাবি প্রশাসন।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে ত্রুটিপূর্ণ প্রকাশনাটি বাজেয়াপ্ত করেন উপাচার্য। এরপরও বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় ৯৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুনে আগুন ধরিয়ে রেজিস্ট্রারের পদত্যাগের দাবি জানাতে থাকে। এসময় শাহবাগ, নীলক্ষেতের রাস্তায় যান চলাচল সাময়িক বন্ধ করে দেয় পুলিশ।








