ফেসবুক পোস্টের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে সংযুক্ত হয়ে জামিন চাইলে আদালত তাকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন। এই সময়ের মধ্য তাকে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ওমর ফারুক। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পি।
গত ২২ জুলাই হাফিজুর রহমান কার্জন ফেসবুকে একটি লেখা পোস্ট করেন। সেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠলে তিনি সঙ্গে সঙ্গে লেখাটি মুছে ফেলে ক্ষমা চান।
তবে বাংলাদেশ হিন্দু যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিত ভৌমিক গত বছরের ১ আগস্ট অধ্যাপক কার্জনের বিরুদ্ধে মামলা করেন। সেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ আনা হয়।








