ঢাকা মেট্রোরেলের নির্মাণ কাজ ২৬ জুন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। প্রাথমিকভাবে এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২২ হাজার কোটি টাকা।
সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ২০১৯ সালের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু করবে। বৃহস্পতিবার সচিবালয়ে এসব কথা বলেন পরিবহন ও সেতুমন্ত্রী।
ঢাকার যানজট কমাতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এলিভেটেড পদ্ধতিতে মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নেয় সরকার। সম্ভাব্যতা যাচাইয়ের পর ২০ কিলোমিটার পথের জন্য ২২ হাজার কোটি টাকা নির্মাণ ব্যয় ধরা হয়। এর মধ্যে জাইকা দিচ্ছে ১৬ হাজার ৬শ’ কোটি টাকা। মন্ত্রণালয় বলছে, প্রতি ঘন্টায় উভয়দিক থেকে ৬০ হাজার যাত্রী পরিবহনের সক্ষমতা থাকবে এ রুটে। থাকছে ১৬টি স্টেশন।
ওবায়দুল কাদের বলেন, ২৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মেট্রোরেল নির্মাণ কাজ উদ্বোধন করবেন। ২০২০ সালে মতিঝিলের শাপলা চত্বর পর্যন্ত মেট্রোরেলের কাজ শেষ হবে। আমাদের দরপত্র আহ্বানের কাজ আটটির মধ্যে ছয়’টিই শেষ হয়েছে।
একই দিন গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট লাইনের কাজও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০ কিলোমিটার দীর্ঘ বিআরটি রুটে থাকবে ২৫টি স্টেশন। নির্মাণ করা হবে ৬টি ফ্লাইওভার।
সেতুমন্ত্রী আরও বলেন, উভয়দিকে সংরক্ষিত আলাদা দুটি লেনে প্রতি ঘণ্টায় ২৫ হাজার যাত্রী আসা-যাওয়া করতে পারবে। প্রতি তিন মিনিট পরপর স্টেশন থেকে বাস ছাড়বে। ১৮ মিটার দীর্ঘ ১০০টি আর্টিকুলেটেড বাস চলাচল করবে এ পথে। ২০১৮ এর মধ্যেই কাজ শেষ করার আশা করছি।
মন্ত্রী বলেন, ঈদ-উল-ফিতরকে ঘিরে হাইওয়েতে যাতে যানজট না থাকে সেজন্য এক হাজার রোভার স্কাউট সদস্যকে মাঠে নামানো হবে।








