ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু সনদপত্র অর্জনের জায়গা নয়। এখান থেকে সততা, নিষ্ঠা, দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ ও মনুষ্যত্ব অর্জনের দীক্ষা গ্রহণ করতে হবে। পাশাপাশি প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সকল স্তরের শিক্ষক ও অভিভাবকদের সম্মান করতে হবে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের প্রথম বর্ষ সম্মান শ্রেণির শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।
আত্মসমালোচনার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে উপাচার্য আরও বলেন, জীবনের প্রতিটি পর্যায়ে মিথ্যা, প্রতারণা ও বিশ্বাসঘাতকতা থেকে বিরত এবং অমানুষদের কাছ থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে।
ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক মেহ্জাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান ও বিজনেস অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও বিভাগীয় শিক্ষার্থী-উপদেষ্টারা উপস্থিত ছিলেন।








