রাজধানী ঢাকা ও চট্টগ্রামে র্যাবের বিশেষ অভিযানে ২৮ লাখ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। এর সঙ্গে ইয়াবা চোরাচালান চক্রের প্রধান আলী আহমেদসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব।
বাংলাদেশে এতো বেশি পরিমাণে ইয়াবা উদ্ধারে ঘটনা এই প্রথম বলে দাবি র্যাব কর্মকর্তাদের। তারা জানান, অভিযানে চট্টগ্রামে একটি মাছ ধরার কাঠের ট্রলারও জব্দ করা হয়েছে।
সকালে র্যাবের পক্ষ থেকে মোবাইল ফোনে পাঠানো একটি এসএমএসে বলা হয়, চট্টগ্রামের পতেঙ্গা এবং ঢাকা বিমানবন্দর রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার এই বিরাট চালান আটক করা হয়েছে।
র্যাব-৭’র প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার চট্টগ্রামের পতেঙ্গা থেকে একটি মাছ ধরার ট্রলারসহ আলী আহম্মেদ নামের এক ব্যক্তিকে বেশ কিছু ইয়াবাসহ আটক করা হয়। পরে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাতে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে আরো দু’জনসহ উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ইয়াবা।
এ ব্যাপারে বিস্তারিত জানাতে সকাল ১১টায় ঢাকা র্যাব সদর দপ্তরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আমীরুল্লাহ।







