ঢাকা কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সংগঠনটির ১০ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের সময় কলেজ ক্যাম্পাসে থাকা সাতটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।
শনিবার সন্ধ্যার পর এই সংঘর্ষের পর এখন পরিস্থিতি শান্ত রয়েছে। কলেজের কয়েকটি ছাত্রাবাসে অভিযান চালাচ্ছে নিউমার্কেট থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক নুরে আলম ভূঁইয়ার নেতৃত্বে ছাত্রলীগের একটি গ্রুপের সাথে আরেকটি গ্রুপের দ্বন্দ্ব চলছিলো। কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হিরণ ভূঁইয়া, শেখ রাসেল ও রাসেল মাহমুদ এ গ্রুপের নেতৃত্বে রয়েছেন।
সন্ধ্যায় নুরে আলম ভূঁইয়ার অনুসারীরা ক্যাম্পাসে অন্য পক্ষের নেতাকর্মীদের ওপর হামলা চালালে সংঘর্ষ বেঁধে যায়।








