ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে সিগারেট টানায় শাস্তি পেলেন বিপিএল দল খুলনা টাইগার্সের কোচ ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। দেয়া হয়েছে দুটি ডিমেরিট পয়েন্টও।
ঘটনার তিন দিন পর সংবাদ বিজ্ঞপ্তিতে শাস্তির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শাস্তির পেছনে কোনো নির্দিষ্ট কারণ অবশ্য উল্লেখ করা হয়নি।
সুজনের কর্মকাণ্ড ক্রিকেটের চেতনাবিরোধী হওয়ায় এই শাস্তি দেয়া হয়েছে। বিপিএলে নিজেদের শেষ ম্যাচে ফরচুন বরিশালকে হারায় পুরো আসরে ধুঁকতে থাকা খুলনা। টানা হারের পর জয়ের রাতে দলটির প্রধান কোচ সুজন জড়ান বিতর্কে।
খেলা চলাকালীন ড্রেসিংরুমের দরজার সামনে দাঁড়িয়ে করেন ধূমপান। টিভি ক্যামেরায় ধরা পড়ে বিষয়টি। অপরাধ মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
এছাড়াও আচরণবিধি ভঙ্গের কারণে জরিমানা করা হয়েছে রংপুর রাইডার্সের শেখ মেহেদী হাসান, নিকোলাস পুরান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোসাদ্দেক হোসেন সৈকতকে।
রোববার বরিশালের বিপক্ষে ম্যাচে উইনিং শট খেলে উদযাপন করতে গিয়ে মাত্রা ছাড়ান মেহেদী। ব্যাট দিয়ে হাতে থাকা হেলমেটে আঘাত করেন। তাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানার সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।
শৃঙ্খলা ভঙ্গের দায়ে ক্যারিবিয়ান ক্রিকেটার পুরানকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা ও দুটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। সৈকতকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছেন ম্যাচ রেফারি।








