ডেইলি স্টারকে ৫-১ গোলে হারিয়ে কুল বিএসজেএ মিডিয়া কাপে জয়ের ধারা অব্যহত রেখেছে টিম চ্যানেল আই। চ্যানেল আইয়ের হয়ে হ্যাটট্রিক করেন আগের ম্যাচে হ্যাটট্রিকসহ চার গোল তুলে নেওয়া রাহুল রায়। এই জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো চ্যানেল আই।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দৈনিক সকালের খবরের সঙ্গে ৪-২ গোলের জয়ে উড়তে থাকা ডেইলি স্টার এইদিন পাত্তাই পায়নি। প্রথম থেকেই ডেইলি স্টারের ওপর ছড়ি ঘোরাতে শুরু করে চ্যানেল আই। তবে স্টারদের রক্ষণে বারবার বাধা প্রাপ্ত হচ্ছিলো চ্যানেল আইয়ের আক্রমণ।
তবে শেষ রক্ষা হয়নি। ৯মিনিটে মাঝ মাঠে তৌফিক-আরিফের দারুণ বোঝাপড়া থেকে ডিবক্সের ঠিক সামনে থেকে বল পেয়ে যান নওফেল। তা থেকে গোল আদায় করে আইদের হয়ে গোলের সূচনা করেন নওফেল। ১-০ গোলের লিড পায় চ্যানেল আই।
বিরতির আগে দুই দল চেষ্টা করে গেলেও আর কোন গোলের দেখা পায়নি কোন দলই। বিরতি থেকে ফিরেই আবারও স্বরূপে চ্যানেল আই।
ম্যাচের ১৭ মিনিটে আবারও গোল। এবারের স্কোরার আগের ম্যাচে হ্যাটট্রিক বয় রাহুল রায়। মাঝ মাঠ থেকে তৌফিকের বাড়িয়ে দেওয়া বল পান রাহুল। তা থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন এই স্ট্রাইকার।
এরপরেই ম্যাচে ফেরে ডেইলি স্টার। ডিফেন্সের ভুলে গোল পায় ডেইলি স্টার। স্কোর লাইন দাঁড়ায় ২-১। তবে স্টারদের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি।
২ মিনিটের ব্যবধানে নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোল তুলে নেন রাহুল। বলেই মাঝ মাঠ থেকে তৌফিকের নেওয়া জোরালো শট ক্রসবারের সামান্য উপর দিয়ে চলে গেলে গোল বঞ্চিত হয় চ্যানেল আই।
২০ মিনিটে আবারও আক্রমণে চ্যানেল আই। তৌফিক-আব্দুল্লাহ-আরিফ বল দেওয়া নেওয়া করতে করতে ডেইলি স্টারের গোল পোস্টের দিকে এগোতে থাকে। ডিবক্সের সামান্য বাইরে থেকে আরিফ বল বাড়ালে পোস্ট বারের কাছে দাঁড়িয়ে থাকা রাহুল বল পেয়ে যান। তা থেকে গোল আদায় করে নেন রাহুল।
এ গোলে দ্বিতীয় ম্যাচেও হ্যাটট্রিক পূরণ হয় চ্যানেল আইয়ের এই স্ট্রাইকারের। ম্যাচের শেষ গোল ২৩ মিনিটে। মাঝ মাঠ থেকে বল পেয়ে প্রায় একক প্রচেষ্টায় এবার স্টার গোল রক্ষককে পরাস্ত করেন আরিফ। ৫-১ তে জয় পায় চ্যানেল আই।







