বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চর্ম ও যৌন বিভাগের ডাক্তার রিয়াদ সিদ্দিকীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন এক রোগীর বাবা। সোমবার রাজধানীর শাহবাগ থানায় ওই রোগীর বাবা বাদী হয়ে মামলা (মামলা নম্বর -২১) দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার বিশ্বাস অভিযোগের বিষয়ে জানান, গত ৩১ ডিসেম্বর ওই তরুণী চিকিৎসা করাতে বিএসএমএমইউ’তে ডা. রিয়াদের কাছে যান। তখন হাসপাতালে নিজস্ব চেম্বারে ডা. রিয়াদ তাকে ধর্ষণ করেন বলে ওই তরুণী অভিযোগ করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, ইতিপূর্বেও চিকিৎসার নামে একাধিকবার ওই তরুণীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে রাখা হয়েছে এবং কাউকে বললে ভিডিও ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেন ডা. রিয়াদ।
মঙ্গলবার আদালতে তরুণীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
ডা. রিয়াদ বর্তমানে পলাতক রয়েছেন বলেও জানান শাহবাগ থানার এসআই রিপন।








