চার মাস পর টেস্টের ভূবনে ফিরছে বাংলাদেশ দল। মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর টি-টুয়েন্টি বিশ্বকাপ ঘিরে সাদা বলের ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়ে টিম টাইগার্স। অনিশ্চয়তা কাটিয়ে বাংলাদেশ ‘এ’ দলের পর জাতীয় দলও যাচ্ছে পাকিস্তানে। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি।
সন্ধ্যার ফ্লাইট ধরতে একে একে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হন ক্রিকেটাররা। কানাডা লিগে খেলার কারণে টেস্ট দলের দুই সদস্য সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম দলের সঙ্গে যোগ দেবেন সেখান থেকেই।
জানা গেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যাবেন মঙ্গলবার। ব্যক্তিগত কারণে একদিন পরে যাবেন তিনি।

বিরতি কাটিয়ে টেস্টে ফিরেছেন তাসকিন আহমেদ। মুশফিকুর রহিম দলে ফেরায় বাদ পড়েছেন শাহাদাত হোসেন দীপু।
জাতীয় দলের আগে শুক্রবার পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ ‘এ’ দল। দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে তারা। প্রথম চার দিনের ম্যাচটি শুরু মঙ্গলবার।
বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।








