কক্সবাজারের টেকনাফে বেলাল আহমদ (৩০) নামের এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে তার বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকের মামলা রয়েছে।
শুক্রবার সকালে টেকনাফ উপজেলার উপকূলীয় এলাকা বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত যুবক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নুর আহমদের ছেলে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় তিনটি মাদক আইনে মামলা রয়েছে বলে জানিয়েছেন টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ।
ওসি প্রদীপ কুমার দাশ জানান, স্থানীয়রা ওই এলাকায় একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে। পরে মৃতদেহটি শনাক্ত করা হয়। পুলিশের ধারণা ইয়াবা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে।
পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।








