নিষ্ঠুর হত্যা ও নির্যাতনের শিকার মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে পূর্ণ মানবাধিকার দিয়ে দ্রুত মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার দাবীতে একটি কনসার্টের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি)’ কেন্দ্রিক সাংস্কৃতিক সংগঠন ‘প্রভাতফেরী’।
১৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক দ্বীপের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এই কনসার্ট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংগঠনটির সাধারণ সম্পাদক সরদার মনসুর হেলাল।। ‘কনসার্ট ফর রোহিঙ্গা’ নামে এই আয়োজনের শ্লোগান নির্ধারিত হয়েছে ‘মানবাধিকার দাও, ফিরিয়ে নাও’।
সংগঠনের সভাপতি আসাদুজ্জামান শিকদার চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা রোহিঙ্গাদের দ্রুত তাদের দেশে পূর্ণ মানবাধিকারসহ ফিরিয়ে নেওয়ার দাবীতে এই আয়োজন করেছি। বেলা সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত আমাদের সংগঠনের পরিবেশনা থাকবে। এরপর সেমিনার, বাঁশি ও সারেঙ্গী বাদন চলবে সাড়ে ৫টা পর্যন্ত।
সারেঙ্গী বাজাবেন দেশের একমাত্র সারেঙ্গীবাদক মতিয়ার রহমান। পরে বিশ্ববিদ্যালয়ভিত্তিক ব্যান্ড দল ‘ওয়েব’, ‘মানব’ ও ‘কৃষ্ণপক্ষ’ কনসার্টে গান করবে।








