টাঙ্গাইলের ৩টি উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সদস্য পদে ৬৪০ জন এবং সংরক্ষিত পদে ২১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২ জন প্রার্থী সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ৬ হাজার ১৪৭ জন। ভোট কেন্দ্র ২১৫টি।
এছাড়াও একই সময়ে দেলদুয়ার উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চতুর্থ দফায় টাঙ্গাইল সদর, ভূঞাপুর এবং ঘাটাইল উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া দেলদুয়ার উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, নির্বাচনে ৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।এছাড়া ৮ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৬ জন করে পুলিশ এবং সাধারণ কেন্দ্রে ৫ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। একই সাথে প্রতিটি কেন্দ্রে ১৮ জন করে আনসার সদস্যও দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতিটি উপজেলায় র্যাব এবং ডিবির টিমও কাজ করছেন।
তিনি আরও বলেন, বিগত সময়ের মতো এবারও নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে। এ লক্ষে সকল প্রস্ততি নেয়া হয়েছে।








