টাঙ্গাইলের ভূঞাপুরে রাস্তা সংক্রান্ত সালিশি বৈঠকে প্রতিপক্ষের ঘুষির আঘাতে আজগর আলী বয়াতি (৬৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার অলোয়া ইউনিয়নের দিঘিকাতুলী গ্রামে এ ঘটনা ঘটে।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ একেএম কাউছার চৌধুরী জানান: সকালে উপজেলার অলোয়া ইউনিয়নের আমুলা দহপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে দিঘীকাতুলী পর্যন্ত রাস্তা নির্মাণকে কেন্দ্র করে একটি গ্রাম্য সালিশি বৈঠকের আয়োজন করা হয়।
‘সালিশ চলাকালে দুপুরের দিকে আজগর আলী ও প্রতিপক্ষ আবুবক্করের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে আবু বক্কর আজগর আলীকে ঘুষি মারলে ঘটনাস্থলেই আজগর আলীর মৃত্যু হয়।’
তিনি জানান: খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।








