ঢাকার প্রায় প্রতিটি সরকারি হাসাপাতালের জরুরী ও বহির্বিভাগে প্রতিদিন গড়ে জ্বর নিয়ে অন্তত একশ’ থেকে দেড়শ’ রোগী আসছেন। তবে প্লাজমা লিকেজ ও গুরুতর জটিল রোগীদেরই ভর্তি করা হচ্ছে বেশি।
ডেঙ্গু জ্বর নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছে ৫৯১ জন।
শিশু ওয়ার্ডের প্রতিটি বেডে প্রায় ৪ থেকে ৫ জন করে শিশু। বেডে জায়গা না পেয়ে নিচে অবস্থান নিয়েছে অনেকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন জানিয়েছেন: শিশু ওয়ার্ডে ৬ মাস থেকে ১৪ মাস বয়সী ভর্তিকৃত শিশুর সংখ্যা বেশি।
হাসপাতালের অন্যান্য ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন প্রাপ্ত ও পূর্ণ বয়স্ক রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে: আগস্ট ও সেপ্টেম্বর মাসে যেহেতু রোগী বাড়ে তাই হাসপাতালে বিকল্প ব্যবস্থা করার চিন্তা নিয়েছেন কর্তৃপক্ষ।
এদিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৮৮ জন। গড়ে প্রতিদিন ২০-২৫ জন ভর্তি হচ্ছে সেখানে। হাসপাতালের বিছানা, বারান্দা সব জায়গায় রোগীদের ভিড়। আতঙ্ক কাজ করছে মানুষের মাঝে। ওয়ার্ডগুলোতে মশারি দেয়া হলেও পর্যাপ্ত পরিমাণ মশারি সরবরাহ নেই।
জরুরি ও বর্হিবিভাগে ডেঙ্গু জ্বরের রোগীর ভীড় বাড়ছেই। ডেঙ্গু সনাক্তের পরীক্ষাসহ ব্যবস্থাপত্র দিয়ে বাড়িতে চিকিৎসার জন্য পরামর্শ দেয়া হচ্ছে তাদের।








