চ্যাম্পিয়ন্স লিগ জিততে মরিয়া জুভেন্টাস। তাই চলতি মৌসুমে তারা দলে নিয়েছে চ্যাম্পিয়ন্স ‘বিশেষজ্ঞ’ ক্রিস্টিয়ানো রোনালদোকে। দলে আগে থেকে আছেন পাওলো দিবালা ও মারিও মানজুকিচ। কিন্তু শক্তি বাড়াতে পর্তুগিজ তারকার সঙ্গে জুটি গড়তে কাইলিয়ান এমবাপেকে দলে নিতে চায় জুভরা।
পিএসজিতে ভালো থাকলেও এমবাপেকে দলে পেতে চায় রিয়াল মাদ্রিদসহ বিশ্বের অনেক বড় বড় ক্লাবই। সেই তালিকায় এবার জুভেন্টাস। ইতালিয়ান ক্রীড়া দৈনিক টুট্টোস্পোর্টস বলছে, রোনালদোর সঙ্গে জুটি বানাতেই বিশ্বকাপজয়ী ফরাসি তারকাকে নিতে চায় সিরি অ’ চ্যাম্পিয়নরা।
ইতালিয়ান দৈনিক তাদের প্রতিবেদনে জানাচ্ছে, পিএসজিতে সুখে থাকলেও বড় অঙ্কের অর্থ দেশছাড়া করতে পারে এমবাপেকে।
এমবাপেকে দলে নিলে অবশ্য দিবালা অথবা মানজুকিচের যেকোনো একজনকে ছেড়ে দিতে পারে জুভেন্টাস। খেলার পজিশন এবং অর্থের যোগানের জন্যেই একজনকে ছাড়তে হবে জুভদের। তার উপর খবর, রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে আসতে পারেন রোনালদোর সাবেক সতীর্থ মার্কো অ্যাসেনসিও।








