ঘরোয়া ফুটবলে আরও একবার ডাবল জয় করেছে জুভেন্টাস। গত সপ্তাহে এসি মিলানকে হারিয়ে ইতালিয়ান কাপ জেতার পর রোববার সিরি আ’ শিরোপাও নিশ্চিত করেছে অ্যাল্লেগ্রির দল। রোববার রাতে ১০ জনের রোমার বিপক্ষে গোলশূন্য ড্র করতেই শিরোপা নিশ্চিত হয় ‘তুরিনের বুড়ি’দের।
টানা চতুর্থ ঘরোয়া ডাবল জয়ের সঙ্গে টানা সপ্তমবারের মতো সিরি আ’র শিরোপা জিতল জুভরা। আর সবমিলিয়ে এটি তাদের ৩৪তম সিরি আ’র শিরোপা।
দ্বিতীয় স্থানে থাকা নাপোলি সাম্পদোরিয়ার মাঠে জিতলেও রোমার বিপক্ষে এক পয়েন্ট পাওয়ায় চ্যাম্পিয়ন হয়ে যায় জুভেন্টাস। এরমধ্য দিয়ে বিশাল এক অজর্ন হল কোচ অ্যাল্লেগ্রিরিও। জুভদের দায়িত্ব নেয়ার পর চার মৌসুমের প্রতিটিতেই তিনি ডাবল শিরোপা জিতলেন।
এদিন গোলবারের নিচে ছিলেন না জিয়ানলুইজি বুফন। তাতেও খুব একটা সমস্যা হয়নি জুভেন্টাসের। না জিতলেও বুফো ছাড়াও গোলবার অক্ষত ছিল। নাপোলির চেয়ে চার পয়েন্ট এগিয়ে থেকেই লিগ শিরোপা নিশ্চিত করে জুভরা।








