হোসে মরিনহোকে নিয়েই এখন ম্যানচেস্টার ইউনাইটেডে যত কাণ্ড। এমনও খবর রটে, মরিনহোকে বরখাস্ত করে জিনেদিন জিদানকে আনছে ম্যানইউ। সেই জল্পনায় নতুন মাত্রা পেল মরিনহোকে জিদান ফোন করায়। ম্যানচেস্টার কর্মকর্তারাও বলেছেন, কোচ সরানোর কোনো ইচ্ছে তাদের নেই।
ইউনাইটেডের কোচ হিসেবে জিদানের নাম ওঠার পর তিনি সরাসরি ফোন করেন মরিনহোকে। ‘স্পেশাল ওয়ান’কে জানিয়ে দিয়েছেন, আদৌ তিনি ম্যানইউর কোচ হওয়ার দৌড়ে নেই। মরিনহোও নিশ্চিত থাকতে পারেন। কিন্তু তাতে মরিনহো নিশ্চিত থাকতে পারছেন কোথায়?
এই আবহের মধ্যেই মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামতে হচ্ছে তার দলকে। শুধু জিদান নয়, মরিনহোর সামনে অস্বস্তির নাম এখন বেশকিছু। পল পগবার পর এখন তালিকায় যোগ হয়েছে অ্যালেক্সিস সানচেজের নামও।
পগবার সঙ্গে মরিনহোর ঝামেলা চলছে বেশ কয়েকমাস ধরেই। সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে দলের খারাপ পারফরম্যান্স। লিগ কাপে দ্বিতীয় সারির দল ডার্বি ইউনাইটেডের কাছে হারের পর প্রিমিয়ার লিগে ওয়েস্টহ্যামের কাছে ৩-১ গোলে হারে ম্যানইউ।
পর্তুগিজ কোচের চূড়ান্ত সমালোচনার মাঝে নতুন অস্বস্তি বাড়িয়েছেন চিলিয়ান ফরোয়ার্ড সানচেজ। প্রথম একাদশে সুযোগ না পেয়ে তিনিও নাকি মরিনহোর বিরুদ্ধে ফুঁসছেন।








