রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিওকে গুলি করে হত্যা, কাউনিয়া আওয়ামী লীগ নেতা রহমতকে গলাকেটে হত্যা এবং মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের একান্ত সচিব রুহুল আমিনকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় জেএমবি’র সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরে ডিআইজি সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির বলেন, ‘এসব ঘটনার মূল নায়ক জেএমবি নেতা মাসুদ রানাকে ২ ডিসেম্বর রাতে রংপুরের পীরগাছা উপজেলা কল্যাণী ইউনিয়নের পশুয়া টাঙ্গাইল পাড়া গ্রাম থেকে বোমা তৈরির উপকরণসহ গ্রেফতার করা হয়।
ডিআইজি জানান, হত্যাকাণ্ড ও হত্যা চেষ্টার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারসহ এসব মামলার অনেক অগ্রগতি হয়েছে।
তিনি বলেন, আলামত, তথ্য-প্রমাণ এবং গ্রেফতারকৃতদের কাছ থেকে হত্যাকাণ্ডগুলোর বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুলিশের হাতে এসেছে। তবে তদন্তের স্বার্থে এখনই সেগুলো প্রকাশ করা যাবে না।







