জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু রোবটিক্স উৎসব

১৭ মার্চ জাতীয় শিশু দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের নিয়ে আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু শিশু রোবটিক্স উৎসব-২০১৯।
১৭ মার্চ সকাল থেকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সোবহানবাগ ক্যাম্পাসে এই উৎসব অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে।
চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় শিশুদের নতুন প্রযুক্তির ব্যাপারে উৎসাহিত করার লক্ষ্যে এমন আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
তারা বলেন: রোবটিক্স, স্ক্র্যাচ প্রোগ্রামিং সহ নানান বিষয়ে আগ্রহ ও দক্ষতা বৃদ্ধি এই আয়োজনের উদ্দেশ্য।
প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা দুটি ক্যাটাগরিতে রোবট তৈরি, রোবট আইডিয়া কন্টেস্ট, রোবট কন্ট্রোল মিশন, রোবট আনমেড গ্রাউন্ড ভেহিকল মিশন, ইন্ডাস্ট্রি ৪.০ মিশনসহ স্ক্র্যাচ প্রোগ্রামিং-এ অংশ নেবে। এছাড়া ১৫ মার্চ অনুষ্ঠিত হবে অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক একই দিন বিকেল ৪টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।
এই আয়োজনের সহ-আয়োজক ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, বাংলাদেশ রোবটিক্স সোসাইটি, মাকসুদুল আলম বিজ্ঞানাগার ও সিরেনা টেকনোলজিস।







