আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
তিনি বলেছেন, কোন বিশেষ দলের জন্য আলাদা করে উদ্যোগ নিতে পারবো না। তবে বিএনপি নির্বাচনে অংশ নেবে তা প্রত্যাশা করি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে কমিশনে আলোচনা হবে।
বরিশাল সার্কিট হাউসে বুধবার বরিশাল ও ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত ইভিএম ওয়ার্কশপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে বলেছেন, খুলনা নির্বাচনে যে ভুলত্রুটি ধরা পড়েছে তা শুধরে বরিশালসহ অন্য সিটি নির্বাচন সুষ্ঠু করার আপ্রাণ চেষ্টা করা হবে। আশা করছি ইভিএম চালু হলে সুষ্ঠুু ভোট হবে। ভোট নিয়ে অভিযোগের আর সুযোগ থাকবে না।






