জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের পাশাপাশি ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএমেও ভোট গ্রহণের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ, আরপিও সংশোধনী আনা হয়েছে। জাতীয় সংসদের অধিবেশন না থাকায় অধ্যাদেশের মাধ্যমে এই সংশোধনী আনা হয়েছে।
আরপিও অধ্যাদেশে বুধবার সই করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
এর আগে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এতে নির্বাচন কমিশন ভোট গ্রহণে ইভিএম ব্যবহার করতে পারবে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনগত ভিত্তি পেলে এবং নির্বাচন কমিশনে (ইসি) থাকা ইলেকট্রনিক ভোটিং মেশিনে ত্রুটি না থাকলে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে বলে মন্তব্য করেন।
বিদ্যমান আইনে স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান রয়েছে। কিন্তু জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের কোনো আইন না থাকায় সংসদ নির্বাচন পরিচালনার আইন (আরপিও), ১৯৭২ সংশোধন করে ইভিএম সংযোজন করা হলো।
জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে বিএনপিসহ সরকারবিরোধী জোটের সমালোচনা ও বিরোধিতার মুখে দেশের বিভিন্ন জায়গায় ভোটারদের ইভিএম’র মাধ্যমে ভোট গ্রহণের পদ্ধতি প্রদর্শন করে নির্বাচন কমিশন।
এরই অংশ হিসেবে গত শনিবার রংপুর জিলা পরিষদ কমিউনিটি সেন্টারে নির্বাচন কমিশনের দিনব্যাপী ইভিএম পদ্ধতিতে নগরীর ২০ নং ওয়ার্ডের ৬টি এলাকার প্রায় ৪ হাজার ভোটার প্রদর্শনীতে ইভিএম পদ্ধতি ব্যবহার করে প্রতীকী ভোট দেন।








