ড. কামাল হোসেন না, জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্ব বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের হাতে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া পলাতক আসামি। অন্য মামলাতেও দণ্ডিত তিনি।
মঙ্গলবার সকালে বনানীতে বিআরটিএ’র নবনির্মিত ভবনের কাজের অগ্রগতি পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি।
সেসময় ওবায়দুল কাদের অভিযোগ করেন: ‘এই ঐক্য এখন কে চালাবে? এর ভেতরে রাজনৈতিক দল শুধু বিএনপি। তার চেয়ারপার্সন জেলে। ভারপ্রাপ্ত যিনি তিনি তারেক রহমান, লন্ডন থেকে নেতৃত্ব দিচ্ছেন। দলের ও জোটেরও কলকাঠি নাড়বেন তারেক রহমান।’
এই জোট রাজনৈতিক কোন সফলতা দেখাতে পারবে বলে মনে করছেন না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন: ‘এ ধরনের ঐক্য টিকে থাকার সংকটে পড়বে। খুব তাড়াতাড়ি এতে ভাঙন ধরবে। এটা ভাঙনপ্রবণ একটি জোট।’
‘তেলে এবং পানিতে মেশানোর যে অপচেষ্টা’ তা অচিরেই ব্যর্থ হবে বলে মন্তব্য করেন কাদের।
ড. কামাল হোসেন ক্ষমতায় যেতে নয়, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতেই জোট করেছেন বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন: বর্তমানে তিনি (ড. কামাল হোসেন) একজন জনবিচ্ছিন্ন বর্ষীয়ান রাজনীতিক হিসেবে তার অস্তিত্ব কোন রকমে টিকিয়ে রেখেছেন।
ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন: ‘কামাল হোসেন সাহেবের লক্ষ্য সম্ভবত ক্ষমতায় যাওয়া নয়। তার লক্ষ্য, ছলে-বলে-কৌশলে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটানো। সেজন্য তারেক রহমানের মতো যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নেতৃত্ব মেনে নিতেও তার কোন আপত্তি আছে বলে মনে হয় না।’








