‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি হবে মঙ্গলবার আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে।
সোমবার কার্যতালিকার ৬ নম্বরে থাকা বিষয়টি শুনানির জন্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক ম্যানসন করলে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ বিষয়টি মঙ্গলবার পূর্নাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন।
২০২০ সালের ১০ মার্চ জয় বাংলাকে জাতীয় শ্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।বাংলায় দেওয়া রায়ের আদেশের অংশে আদালত বলেন, ‘আমরা ঘোষণা করছি যে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে।’
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদের করা রিটের শুনানি শেষে এই রায় দেন হাইকোর্ট। সে রায়ের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্র পক্ষ।








