চন্ডিকা হাথুরুসিংহের জায়গায় দৃশ্যপটে ফিল সিমন্স। কোচ হিসেবে অভিজ্ঞতায় পরিপূর্ণ। বেশ কয়েকটি দেশের জাতীয় দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে এসেছেন বাংলাদেশের তরুণ প্রতিভাবানদের খেলা দেখে আকৃষ্ট হয়ে। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ স্বাগতিক পাকিস্তানকে টেস্টে যেভাবে বিধ্বস্ত করেছে তা দেখে ইতিবাচক ভাবনা ছিল এখানে কাজের প্রতি। সপ্তাহখানেক আগে প্রস্তাব পেয়ে লুফেও নেন এই ক্যারিবিয়ান। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তিনিই শান্ত-লিটনদের হেড কোচ।
দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সংবাদ সম্মেলনে এলেন সিমন্স। সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট শুরু সোমবার। শনিবার মিরপুরে অনুশীলনে পর এসে জানান বাংলাদেশ দল আর সামনের সিরিজ নিয়ে ভাবনার কথা। মিরপুরে প্রথম টেস্ট ম্যাচে জয়ের দিকেই চোখ তার।
‘প্রথম লক্ষ্য জয়। যত বেশি জিততে পারি। প্রথমে মিরপুরে জয় চাই। তারপর পরের টেস্ট। অল্পসময়ে দলকে প্রস্তুত করা ও মাঠের লড়াইয়ে জেতা আমার লক্ষ্য।’
বাংলাদেশে প্রথম অ্যাসাইনমেন্টে জয় দিয়ে শুরু করতে পারলে সিমন্সের জন্য সামনের পথটা সহজ হয়ে যাবে। অল্পসময়ে সব ঠিকঠাক করা তার জন্য কিছুটা চ্যালেঞ্জের হতে পারে।
বাংলাদেশে কাজ করতে আগ্রহের বিষয়ে কোচ বলেন, ‘পাকিস্তানে বাংলাদেশ দারুণ টেস্ট খেলেছে। আমার এখানে কাজটাও টেস্ট দিয়ে শুরু। ভালোই হলো। আমি দেখেছি বেশ প্রতিভাবান কিছু তরুণ আছে। মূলত তরুণদের সঙ্গে কাজ করার আগ্রহ থেকেই আমি এখানে। যদিও ভারতে ওরা ভালো করতে পারেনি বিশেষ করে টি-টুয়েন্টিতে, মনে রাখতে হবে ভারত অত্যান্ত শক্তিশালী ও এক নম্বর দল।’








