বৃহস্পতিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওলামা-মাশায়েখ মহাসম্মেলন অনুষ্ঠিত হল। ইসলামের সঠিক চেহারা তুলে ধরবে এই সম্মেলন এমন আশা সম্মেলনের আয়োজক ও এর সাথে সংশ্লিষ্টদের। ইসলাম মুক্তির পথ এবং সৃষ্টিকর্তার পক্ষ থেকে এক অশেষ কল্যাণ, এবং মানবতার ধর্ম ইসলাম- প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এমন কথাই বারবার বলেছেন দেশ বিদেশের ইসলামী আলেমরা। সম্মেলনে অতিথি হিসেবে যোগ দিয়েছেন মসজিদে হারাম ও মসজিদে নববীর ভাইস প্রেসিডেন্ট ড. মোহাম্মদ বিন নাসির বিন মোহাম্মদ আল আল খুজাইমের নেতৃত্বে প্রতিনিধি দল। সুস্পষ্টভাবে আমরা যা অনুমান করেছিলাম, এই সম্মেলনে ঘুরে ফিরে যে বিষয়টি আলোচনায় থাকতে পারে, তা হলো ইসলামের সাথে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের কোন সম্পর্ক নেই। মসজিদে নববীর খতিব শায়েখ ড. আব্দুল মহসিন বিন মোহাম্মদ আল কাশেম বলেছেন, যারা সন্ত্রাস-জঙ্গিবাদে জড়িত, তাদের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নেই। অন্যদিকে, যার যার ধর্ম তার তার কাছে, কুরআনের এই বাণী প্রধানমন্ত্রীর ভাষণে ছড়িয়ে গিয়েছে সম্মেলন থেকে শুরু করে সারাবিশ্বে। সকল ধর্মের মানুষ মিলেমিশে থাকার কথা বলেছেন তিনি। আর ইমামদের ইসলামের সঠিক রূপ মানুষের কাছে পৌঁছে দিতে বলেছেন। আমরাও মনে করি ইসলাম ও জঙ্গিবাদ এক নয়। এবং নিরীহ মানুষ হত্যা করে কখনও ইসলামের মতো শান্তির ধর্মের স্বাদ গ্রহণ সম্ভব নয়। একইসঙ্গে এভাবে অন্য কাউকে এই ধর্মের প্রতি আকৃষ্ট করা যায় না। তাই ইসলাম যে শান্তির ধর্ম তা প্রমাণ করতে হবে মুসলিমদেরকেই। এদেশে যেমন তেমনি পুরো বিশ্বেই সেটা করে দেখাতে হবে। ইসলামের নামে যে সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদ সারা বিশ্বের ওপর ভর করেছে, তার শেকড় নির্মূল করতে সবাইকে এক এবং বদ্ধ পরিকর হতে হবে। শক্ত হাতে জঙ্গিবাদ দমন আর সঠিক ইসলামের মাধ্যমেই আমরা পেতে পারি একটি শান্তিপূর্ণ বিশ্ব।








