টাঙ্গাইলে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার দায়ে ভাসু্র ফরমান আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে দশ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডিত ফরমান আলী কালিহাতী উপজেলার উত্তর পৌলী গ্রামের মৃত আজমত আলীর ছেলে।
সোমবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনাকারী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম জানান, উত্তর পৌলী এলাকায় ডিস লাইনের তার চুরির ঘটনায় শালিস বৈঠকে ফরমান আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই টাকা সংগ্রহের জন্য তার ছোট ভাই নুর ইসলামের স্ত্রী আছিয়া বেগমের কাছে টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে। টাকা না দেওয়ায় ২০০৬ সালের ১ আগস্ট সকালে ফরমান আলী তার ছোট ভাইয়ের স্ত্রীকে নিজ বাড়িতে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে নিহতের শ্বশুড়বাড়ীর লোকজন পালিয়ে যায়।
এ ঘটনায় নিহত আছিয়া বেগমের মামা রজব আলী ঘটনার দিন কালিহাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। দীর্ঘদিন মামলা চলার পরে আদালত এই রায় দিলেন।
রায়ের পরে আসামীর পক্ষে মামলা পরিচালনা করা অ্যাডভোকেট মো: শামীম চৌধুরী দয়াল বলেন, এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করবো।








