বিপিএলের পঞ্চম আসরের শেষ চার দল ঠিক হয়ে গেছে রোববার। খুলনা টাইটানসকে হারিয়ে শেষ দল হিসেবে সেরা চার নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। সামনে এবার প্লে-অফের সমীকরণ। দুই দল খেলবে কোয়ালিফায়ার ম্যাচ আর অন্য দুই দল এলিমিনেটর ম্যাচে। গ্রুপ পর্বে জমজমাট লড়াই হওয়ায় কোন পর্বে কারা খেলবে, সেটি জানতে অপেক্ষায় থাকতে হবে লিগ পর্বের শেষ দিন পর্যন্ত।
১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তামিমের কুমিল্লা উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। শেষ দুই ম্যাচ হারলেও শীর্ষেই থাকবে তারা। সমান ১১ ম্যাচে সাকিবের ঢাকা ও মাহমুদউল্লাহর খুলনার ১৩ পয়েন্ট। মাশরাফীর রংপুরের পয়েন্ট ১২। তিনটি দলেরই সুযোগ আছে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লার প্রতিপক্ষ হওয়ার। দারুণ ছন্দে থাকা তামিমদের প্রতিপক্ষ কারা হবেন, সেটিই দেখার বিষয়।
কোয়ালিফায়ার অর্থাৎ সেরা দুইয়ে থাকার সুবিধা হল ওই ম্যাচের জয়ী দল উঠে যাবে ফাইনালে। হেরে যাওয়া দলেরও থাকবে সুযোগ। পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দলের মধ্যে এলিমিনেটর ম্যাচের জয়ী দলের সঙ্গে খেলবে তারা। দ্বিতীয় ফাইনালিস্ট নিশ্চিত হওয়ার ম্যাচটি সেমিফাইনালের মতো হলেও আক্ষরিক অর্থে এটি দ্বিতীয় কোয়ালিফায়ার।
বিপিএলে একদিন বিরতি দিয়ে মঙ্গলবার মাঠে গড়াবে দুটি ম্যাচ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর ১টায় কুমিল্লার বিপক্ষে লড়বে খুলনা। সন্ধ্যা ৬টায় নিরুত্তাপ ম্যাচে রাজশাহী কিংসের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা চিটাগং ভাইকিংস।
পরের দিন মঙ্গলবার লিগ পর্বের শেষ দুটি ম্যাচে মুখোমুখি হবে ঢাকা-রংপুর ও কুমিল্লা-সিলেট। ঢাকা-রংপুর ম্যাচের ফলই বলে দেবে কারা পাচ্ছেন কুমিল্লার বিপক্ষে ৮ নভেম্বর কোয়ালিফায়ার ম্যাচ খেলার সুযোগ। সমীকরণ বলছে, ভিন্ন ভিন্ন ম্যাচে ঢাকা ও খুলনা জয় পেলে উভয় দলের পয়েন্ট সমান ১৫ হবে। সেক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকা দলটি হবে তামিমদের প্রতিপক্ষ।
অপর দলটি রংপুরের বিপক্ষে খেলবে এলিমিনেটর ম্যাচ। ঢাকা ও খুলনা নিজেদের শেষ ম্যাচ হেরে গেলে কোয়ালিফায়ারের সুযোগ থাকবে রংপুরের। তবে শর্ত হল শেষ ম্যাচটি জিতে পয়েন্ট ১৪ করতে হবে তাদের।








