চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে জার্মানির বায়ার্ন মিউনিখ। ইংলিশ ক্লাব লিভারপুল খেলবে বার্সাকে হারিয়ে ইতিহাসে নাম লেখানো রোমার বিপক্ষে।
শুক্রবার ‘ড্র’তে চারদলের প্রতিপক্ষ নির্ধারিত হয়।
প্রথম লেগ অনুষ্ঠিত হবে ২৪ এবং ২৫ এপ্রিল। পরের সপ্তায় ১ এবং ২ মে দ্বিতীয় লেগ। আর ফাইনাল হবে ২৬ মে।
২০১০ দলের পর এই প্রথম মাত্র একটি স্প্যানিশ ক্লাব সেমিফাইনাল খেলবে। আগে দুটি করে দল খেলেছে।
২০০৫ সালের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী লিভারপুল ২০০২ সালের পর থেকে রোমার বিপক্ষে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি। সেরি আ’তে রোমা চতুর্থ স্থানে। শীর্ষে থাকা জুভেন্টাসের চেয়ে ২১ পয়েন্ট পিছিয়ে।
রিয়ালকে প্রতিপক্ষ হিসেবে পাওয়া বায়ার্ন খুব একটা স্বস্তিতে নেই। ড্র অনুষ্ঠিত হওয়ার কয়েক মিনিট আগে ক্লাবের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয় নতুন মৌসুমে বর্তমান কোচ জুপ হেইনিকসের স্থলাভিষিক্ত হবেন নিকো কোভাক।
শেষ চার মৌসুমে তিনবার চ্যাম্পিয়ন হওয়া রিয়াল সেমিতে পৌছায় নাটকীয়ভাবে জুভেন্টাসকে হারিয়ে। প্রথম লেগে ৩-০ ব্যবধানে জিতে দ্বিতীয় লিগে দলটি হেরে যায় ৩-১ ব্যবধানে। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে এগিয়ে শেষ চারে জায়গা করে নেয় টানা দুবারের চ্যাম্পিয়নরা।
রিয়াল কোচ জিদান চাপে আছেন লা লিগায় দলের ভরাডুবির কারণে। শীর্ষ স্থানে থাকা বার্সার চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলে চতুর্থ তার দল।








