ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জয় পেয়েছে ওয়েস্ট হাম ইউনাইটেড। লন্ডনের উপটন পার্কের বোলেইন গ্রাউন্ডে উত্তেজনাপূর্ণ ম্যাচে ম্যান ইউকে ৩-২ গোলে হারিয়েছে লন্ডনের ক্লাবটি। এর ফলে শীর্ষ চারে থেকে পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা অনিশ্চিত হয়ে গেল রেড ডেভিলসদের।
১০ মিনিটেই ওয়েস্ট হামকে এগিয়ে দেন দিয়াফরা সাকো। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যান ইউকে সমতায় ফেরান এ্যান্থনি মার্শিয়াল। ৭২ মিনিটে মার্শিয়ালের দ্বিতীয় গোলে এগিয়ে যায় লুই ফন খালের দল।
৭৬ মিনিটে ওয়েস্ট হামকে সমতায় ফেরান ইংলিশ মিডফিল্ডার মিখাইল অ্যান্টোনিও। ৮০ মিনিটে উইন্সটন রেইডের গোলে আবারো এগিয়ে যায় ওয়েস্ট হাম। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয়ের আনন্দে মাঠ ছাড়ে ওয়েস্ট হাম।
এই হারে চ্যাম্পিয়ান্স লিগে টিকে থাকার লড়াইটা কঠিন করে ফেলছে রেড ডেভিলরা। লিগে নিজেদের শেষ ম্যাচে অবশ্যই জয় পেতে হবে বোর্ণামাউথের বিপক্ষে আর নগর প্রতিদ্বন্দ্বী ম্যান সিটিকে হারতে হবে সোয়ানসি সিটির কাছে।
৩৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে ম্যানইউর অবস্থান এখন পাঁচ নম্বরে। সমান ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আগেই শিরোপা নিশ্চিত করা লেস্টার সিটি। দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পার্সের পয়েন্ট সংখ্যা ৭০। ৬৮ পয়েন্ট নিয়ে তিনে আর্সেনাল; আর চারে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬৫।







